২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামা-রাউল ক্যাস্ত্রো সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তিনদিনের ঐতিহাসিক সফরে পৌঁছানোর পর দেশটির নেতা রাউল ক্যাস্ত্রোর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Mar 2016, 10:51 PM

Updated : 12 Apr 2022, 01:40 AM

পুরোনো হাভানায় প্যালেস অব রেভল্যুশনে সোমবার বৈঠক শুরুর আগে ওবামার সঙ্গে হাত মেলান ক্যাস্ত্রো। কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান তারা। এরপর সামরিক ব্যান্ডে বাজে কিউবা এবং যুক্তরাষ্ট্র দুই দেশের জাতীয় সঙ্গীত। তারপর গার্ড অব অনারের মধ্য দিয়ে হেঁটে যান দুইজন ।

২০১৪ সালে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নতুন করে চালু হওয়ার পর এ নিয়ে তৃতীয়বারের মত দ্বিপক্ষীয় আলোচনায় মুখোমুখি বৈঠকে বসলেন দুই নেতা।

বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ওবামা কিউবায় অর্থনৈতিক এবং গণতান্ত্রিক সংস্কার নিয়ে রাউলকে ক্যাস্ত্রোর সঙ্গে কথা বলবেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়গুলো নিয়েও তাদের মধ্যে কথা হবে।

সোমবার কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর সঙ্গে বৈঠকে বসার আগেই ওবামা দেশটিতে পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন। যদিও তিনি বলেন, এ পরিবর্তন রাতারাতি হবে না।

কিউবায় ওবামা- ক্যাস্ত্রের এ বৈঠক তাদের মধ্যকার তৃতীয় বৈঠক হলেও এবারের বৈঠকটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। কারণ, দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্প্রতিষ্ঠার চেষ্টা চালানোর সঙ্গে সঙ্গে দুই নেতার মধ্যে গভীর মতবিভেদের কিছু বিষয় নিয়ে আলোচনাও রয়েছে।

১৯৫৯ সালে কমিউনিস্ট ফিদেল ক্যাস্ত্রোর নেতৃত্বে সংঘটিতে বিপ্লবে কিউবার যুক্তরাষ্ট্রপন্থি সরকারের পতন হলে দুদেশের মধ্যে শত্রুতার সূত্রপাত হয়। এক পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে প্রতিবেশী দেশ দুটি। এরপর কিউবার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র যা ৫৪ বছর ধরে বলবৎ ছিল।

২০১৪ সালের ডিসেম্বরে ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো বিরোধ অবসানের বিষয়ে একমত হলে পরিস্থিতি পাল্টাতে শুরু করে।  দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা হয় এবং টেলিযোগাযোগ ও বিমান চলাচল স্বাভাবিক করার বিষয়ে চুক্তি সই হয়।

এরপর ৮৮ বছরের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট কিউবা সফরে গেলেন। যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের কিউবা সফর এক সময় একটি অকল্পনীয় ব্যাপার ছিল।

ঐতিহাসিক এই সফরে রাউল ক্যাস্ত্রোর সঙ্গে ওবামা বৈঠক করলেও কিউবার সাবেক প্রেসিডেন্ট বিপ্লবের নেতা ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে তার দেখা হচ্ছে না। তাদের দুজনের কোনো সাক্ষাৎপর্ব সফর তালিকায় নেই।