রুশ বিমান বাহিনীর প্রায় অর্ধেকই সিরিয়া ছেড়েছে
গত দুইদিনে সিরিয়ায় অবস্থান করা রাশিয়ার জঙ্গি বিমানগুলোর প্রায় অর্ধেকই দেশে ফিরে গেছে।
সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুট করেই সিরিয়া থেকে ‘অধিকাংশ’ রুশ সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন।
পরদিন থেকেই রুশ সেনা ও বিমান সিরিয়া ত্যাগ করা শুরু করে।
সিরিয়ার মাইমিম বিমানঘাঁটিতে রাশিয়ার কতগুলো জঙ্গি বিমান ছিল সেটা নিয়ে রহস্য রয়েছে।
তবে কৃত্রিম উপগ্রহের ছবি, বিমান হামলা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি বিশ্লেষণ করে সেখানে প্রায় ৩৬টি ফিক্সড-উইং সামরিক বিমান ছিল বলে ধারণা করছে রয়টার্স।
খবরে বলা হয়েছে, সেগুলোর মধ্যে গত দুই দিনে অন্তত ১৫টি বিমান সিরিয়া ত্যাগ করেছে।
টেলিভিশনে প্রচারিত ফুটেজ দেখে সেগুলোর মধ্যে এসইউ-২৪, এসইউ-২৫, এসইউ-৩০ এবং এসইউ-৩৪ বিমান রয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
রাশিয়ার টেলিভিশনে দেখা যায়, চারটি এসইউ-২৫ এবং পাঁচটি এসইউ-২৪ বিমান গত দুইদিনে সিরিয়া ত্যাগ করেছে।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, সিরিয়ায় রাশিয়ার সামরিক সক্ষমতার সঠিক তথ্য তাদের হাতে নেই।
“তবে মস্কোর কয়েক ডজন বিমান সেখানে রয়েছে।”
‘সেন্টার ফর এনালাইসিস অব স্ট্রাটেজিস অ্যান্ড টেকনোলজিস’ (সিএএসটি) এর পরিচালক রুসলান পুখভ বলে, আমার মনে হয় নিজেদের আংশিক সেনা প্রত্যাহারের ঘোষণা সত্যি প্রমাণ করতে রাশিয়া সিরিয়ায় অবস্থিত তাদের বিমান বাহিনীর অন্তত অর্ধেককে দেশে ফিরিয়ে আনবে।
“নতুবা জনগণ, দেশীয় এবং বিশেষ করে আন্তর্জাতিক জনগণ বলবে, (পুতিনের) ঘোষণা আসলে সত্যি নয়, এটি কেবলই পুনর্বিন্যাস।”
