প্রাইমারিতে জয় ছিনিয়ে নেওয়ার আশায় ট্রাম্প
যুক্তরাষ্ট্রের পাঁচটি অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের বাছাইপর্বে প্রাইমারির ভোট শুরু হয়েছে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের প্রার্থিতার লড়াইয়ে সামনের সারির প্রতিদ্বন্দ্বীদের জন্য এ ভোট খুবই গুরুত্বপূর্ণ।
ডোনাল্ড ট্রাম্পের আশা, ফ্লোরিডা এবং ওহাইওতে বড় জয় ছিনিয়ে নিয়ে রিপাবলিকান দলের মনোনয়ন নিশ্চিত করবেন তিনি।
মঙ্গলবার প্রাইমারির ভোট শুরু হয়েছে ওহাইও, ফ্লোরিডাসহ নর্থ ক্যারোলাইনা, ইলিনয় এবং মিজৌরিতে।
ডোনাল্ড ট্রাম্পকে দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পছন্দ নয় রিপাবলিকান দলের অনেক নেতারই। তারপরও এখন পর্যন্ত হওয়া প্রাইমারিগুলোতে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকটা এগিয়ে আছেন ট্রাম্প।
ফ্লোরিডা ও ওহাইওর প্রাইমারিতে জয় পেলেই তাকে আটকানো অনেকটা কঠিন হয়ে পড়বে।
ট্রাম্প ছাড়া রিপাবলিকান দলের বাকি তিন প্রার্থী হলেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ, ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও এবং ওহাইও’র গভর্নর জন কাসিচ।
ট্রাম্প ফ্লোরিডা ও ওহাইওতে জয়লাভ করতে পারলে মনোনয়ন দৌড় থেকে অনেকটা বাদ পড়ে যাবেন রুবিও এবং কাসিচ।
সোমবার রাতে ওহাইও-র ইয়ংসটাউনে এক সমাবেশে ট্রাম্প নিজের সমর্থকদের বেরিয়ে এসে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।
মঙ্গলবার রাতে ফ্লোরিডার পাম বীচে নিজের রিসোর্টে সংবাদ সম্মেলন করার পরিকল্পনাও করেন তিনি।
মতামত জরিপগুলোতে ফ্লোরিডায় রুবিও-র চাইতে অনেকটা এগিয়ে আছেন ট্রাম্প। তবে ওহাইওতে কাসিচের সঙ্গে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।
রিপাবলিকান নেতারা ট্রাম্পকে লড়াই থেকে সরিয়ে দিতে ক্রুজকে ব্যাপক সমর্থন দেওয়ার কৌশল গ্রহণ করেছেন।
কিন্তু মঙ্গলবারও যদি ট্রাম্প এগিয়ে যান তবে তাকে সরিয়ে দেওয়া কঠিন হবে।
রিপাবলিকান নেতাদের আশঙ্কা, রাজনৈতিক অভিজ্ঞতায় পিছিয়ে থাকা এবং দাম্ভিক মন্তব্যের জন্য ব্যাপকভাবে সমালোচিত নিউ ইয়র্কের আবাসন ব্যবসায়ী ট্রাম্প ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাবেন।
মঙ্গলবারের প্রাইমারিতে ডেমোক্র্যাটদের লড়াই হচ্ছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ও ভারমন্টের সিনেটর বের্নি স্যান্ডার্সের মধ্যে।
মতামত জরিপে প্রাইমারির এ ভোটে হিলারির সামান্য এগিয়ে থাকার আভাস পাওয়া গেছে।
বিশেষ করে ফ্লোরিডা ও নর্থ ক্যারোলাইনায় হিলারি স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন।
কিন্তু ওহাইও, ইলিয়ন ও মিজৌরিতে স্যান্ডার্স শক্ত অবস্থানে আছেন।
