২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট মঙ্গলবার

মিয়ানমারের পার্লামেন্টে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে মঙ্গলবার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 10:17 PM

Updated : 12 Apr 2022, 01:37 AM

সোমবার পার্লামেন্টের স্পিকার মান উইন খাইং থান নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাভুটির এ দিন ঘোষণা করেন বলে জানিয়েছে এনডিটিভি।

গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, চূড়ান্ত তিন প্রার্থীর মধ্যে অং সান সু চির দীর্ঘদিনের সহযোগী থিন কিয়াও এগিয়ে আছেন।

১ এপ্রিল থেকে নতুন প্রেসিডেন্টের মেয়াদ শুরু হবে।

গত বছর ৮ নভেম্বরের জাতীয় নির্বাচনে সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নিরঙ্কুশ সংখ্যাগোরিষ্ঠতা লাভ করে।

কিন্তু সাংবিধানিক বাধার কারণে সু চি প্রেসিডেন্ট পদের প্রার্থী হতে পারেননি।

জান্তা আমলে তৈরি মিয়ানমারের সংবিধান অনুযায়ী, সন্তান বিদেশি নাগরিক এমন কেউ প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারবেন না। সু চির প্রয়াত স্বামী যুক্তরাজ্যের নাগরিক ছিলেন। তার দুই সন্তানও যুক্তরাজ্যের নাগরিক।

মিয়ানমারের পার্লামেন্টের এক-চতুর্থাংশ আসনের স্থায়ী সদস্য দেশটির সেনাবাহিনী।

প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সু চির সঙ্গে সেনাবাহিনীর কয়েক দফা আলোচনার পর এনএলডি তাদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কিয়াও এর নাম ঘোষণা করে।

যদিও নির্বাচনে জয়লাভ করার পরই সু চি ঘোষণা করেছিলেন তিনি প্রেসিডেন্টের ‘উপরে’ থেকে দেশ পরিচালনা করবেন।

মিয়ানমারের নির্বাচনী ব্যবস্থা অনুযায়ী, পার্লামেন্টের উভয়কক্ষ থেকে একজন করে প্রার্থী প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য মনোনয়ন পাবেন। এছাড়া, সেনাবাহিনী তাদের একজন প্রার্থীকে মনোনয়ন দেবে।

যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। বাকি দুইজন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

কিয়াও ছাড়া বাকি দুই প্রার্থী হলেন, এনএলডির হেনরি ভন টিও এবং সেনাবাহিনীর প্রার্থী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মিন্ট সউই।

সাবেক জান্তা নেতা থান শউইর ঘনিষ্ঠ মিত্র মিন্ট সউই কট্টরপন্থি হিসেবে পরিচিত এবং যুক্তরাজ্যের কালোতালিকাভুক্ত ব্যক্তি।