অভিবাসন নীতি: আঞ্চলিক নির্বাচনে ‘মূল্য দিচ্ছেন’ মেরকেল
চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের অভিবাসন নীতি অধিকাংশ জার্মান নাগরিকের পছন্দ নয়- সর্বশেষ আঞ্চলিক নির্বাচনের ফল এ কথাই বলছে।
পশ্চিমের বাডেন ভ্যুরটেমবার্গ ও রাইনলান্ড-পালাটিনেট এবং পূর্বের স্যাক্সনি-আনহাল্টে রাজ্যে রোববারের নির্বাচনে মেরকেলের দল ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) এর আংশিক হার হয়েছে।
রাজনৈতিক এক বিশেষজ্ঞ বলছেন, ভোটের এ ফল মেরকেলের জন্য তীব্র তিরস্কার এবং এখন পর্যন্ত ভোটের মাধ্যমে এটিই জনগণের সবচেয়ে জোর গলার প্রতিবাদ।
শরণার্থী সংকট নিরসনে সরকারের গৃহীত নীতির প্রতি জার্মান জনগণের মোহ কেটে গেছে।
তবে ভোটে হারের পরও মেরকেল সরকারের এক মুখপাত্র দেশের অভিবাসন আইন অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন।
২০০৫ সাল থেকে টানা তৃতীয় মেয়াদে জার্মানির চ্যান্সেলরের দায়িত্ব পালন করছেন মেরকেল।
আগামী বছর দেশটির ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০০০ সাল থেকে সিডিইউ’র নেতৃত্ব দিচ্ছেন মেরকেল। এখনও দলে তাকে চ্যালেঞ্জ জানানোর মত নেতা নেই।
ভোটের ফল সিডিইউ-র মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং অভিবাসীদের জন্য সরকার প্রদত্ত সুযোগ কমিয়ে ফেলতে বাধ্য করবে। তবে এ জন্য চ্যান্সেলর মেরকেল ঝুঁকিতে নেই, বলছেন বিশ্লেষকরা।
জার্মানি শরণার্থীদের স্বাগত জানানোয় গত বছর ১০ লাখের বেশি শরণার্থী ইউরোপ প্রবেশ করেছে। যাদের অধিকাংশের লক্ষ্য ছিল জার্মানি। শরণার্থীদের এ স্রোত জার্মান নাগরিকদের আতংকে ফেলে দিয়েছে।
মেরকেল দেশবাসীকে এ ঢল ঠেকানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এ বিষয়ে সাহায্যের জন্য তিনি তুরস্ককে রাজি করাতে চেষ্টা করছেন। সেইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলোকে শরণার্থীদের এই বোঝা ভাগ করে নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
