২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় গোরস্থানে গোলাগুলি, আহত ৪

কানাডার ক্যালগারি শহরের বাইরে মুসলিমদের একটি গোরস্থানে গোলাগুলিতে আহত চার ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Mar 2016, 02:52 PM

Updated : 12 Apr 2022, 01:36 AM

শুক্রবারের এ ঘটনায় আহতরা তাদের ধর্মের কারণে হামলার শিকার হননি বলে দাবি করেছে পুলিশ।  

কানাডার আলবার্তা পুলিশের মুখপাত্র কর্পোরাল হ্যাল টার্নবুল বলেন, “এ সময় এখানে একটি ঘৃণাজনিত অপরাধের ঘটনা ঘটেছে তা আমরা মনে করছি না।” 

এটি অপরাধী গোষ্ঠী সংক্রান্ত কোনো ঘটনা হতে পারে মন্তব্য করে তিনি জানান, সম্ভাব্য অন্যান্য বিষয়গুলোও খতিয়ে দেখছে পুলিশ। 

টার্নবুল জানান, স্থানীয় সময় সাড়ে ৩টার দিকে ক্যালগারির উত্তর-পশ্চিমের কোকহরান আবাসিক এলাকার একটি মুসলিম গোরস্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে খবর পান তারা। ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান আহত চারজনকেই ইতিমধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে।  

স্থানীয় গণমাধ্যমের খবরে ঘটনার আগে গোরস্থানটিতে একটি শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছিল বলে জানানো হয়েছে। ক্যালগারির মুসলিমরা গোরস্থানটি ব্যবহার করেন। শেষকৃত্যের পর একটি দল গোরস্থানে অবস্থান করছিল। ওই সময়ই গোলাগুলির ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে জনসাধারণের জন্য কোনো ঝুঁকির পরিস্থিতি নেই বলে জানিয়েছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করেতে পারেনি তারা।