শরণার্থী ঠেকাতে সীমান্ত বন্ধ করল মেসিডোনিয়া
গ্রিক সীমান্ত দিয়ে আর কোনও শরণার্থী প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে মেসিডোনিয়া।
এর আগে স্লোভেনিয়া শরণার্থীদের সীমান্ত অতিক্রম করতে না দেওয়ার ঘোষণা দেয়। তারপর ক্রোয়েশিয়া এবং সার্বিয়াও একই পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানায়।
এর ফলে শরণার্থীদের জন্য উত্তরের বালকান রুট কার্যত বন্ধ হয়ে গেল।
এখনও প্রায় ১৩ হাজার শরণার্থী গ্রিস-মেসিডোনিয়া সীমান্তে অপেক্ষা করছে।
শরণার্থী সঙ্কট মোকাবেলায় সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্ক একটি পরিকল্পনা হাতে নিয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, তুরস্ক থেকে গ্রিসে যাওয়া সব শরণার্থীকে পুনরায় তুরস্কে ফেরত পাঠানো হবে। এভাবে প্রতি একজন সিরীয় শরণার্থী তুরস্কে ফিরে যাওয়ার বদলে তুরস্কে অবস্থান করা একজন সিরীয় শরণার্থীকে ইউরোপে পুনর্বাসিত করা হবে। যদিও এই পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি।
সোমবার এই পরিকল্পনার ঘোষণা দিয়ে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, শরণার্থীদের জন্য ইউরোপে যাওয়ার পথ আর খুব বেশিদিন খোলা থাকবে না।
“ইউরোপে ভারসাম্যহীন অভিবাসনের দিন শেষ হয়েছে।”
উত্তর ইউরোপের দেশগুলোতে পৌঁছানোর জন্য গত বছর থেকে হাজার হাজার শরণার্থী মেসিডোনিয়া সীমান্ত অতিক্রম করেছে।
শরণার্থীর ঢল সামলাতে এক পর্যায়ে মেসিডোনিয়া শুধু সিরিয়া, আফগানিস্তান ও ইরাক থেকে আসা শরণার্থীদের প্রবেশ করার অনুমতি দেওয়া শুরু করে।
সম্প্রতি তারা সিরিয়ার যুদ্ধবিক্ষুব্ধ এলাকার শরণার্থীদেরই শুধু প্রবেশ করতে দিত। নতুন সিদ্ধান্তে তাও বন্ধ হয়ে গেল।
মেসিডোনিয়ার গ্রিক সীমান্ত বন্ধের ঘোষণা আসার আগে মঙ্গলবার স্লোভেনিয়া জানায়, যেসব শরণার্থী স্লোভেনিয়ার আশ্রয় প্রার্থনা করার পরিকল্পনা করেছে এবং যাদের সত্যিই মানবিক চাহিদা রয়েছে শুধুমাত্র তাদেরকে সীমান্ত অতিক্রম করতে দেওয়া হবে।
স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী মারিও কেরার বলেন, “এর মাধ্যমে স্পষ্ট করে বলতে চাই, বালকান রুটে অবৈধ অভিবাসীদের আর মেনে নেওয়া হবে না।”
তার পরপরই সার্বিয়া জানায়, তারা মেসিডোনিয়া ও বুলগেরিয়া সীমান্ত দিয়ে কাগজপত্রবিহীন শরণার্থীদের প্রবেশ করতে দেবে না।
হাঙ্গেরিও এ ধরনের উদ্যোগ গ্রহণের ঘোষণা দিয়েছে।
হাঙ্গেরির স্বরাষ্ট্রমন্ত্রী স্যান্ডর পিন্টার বলেন, তিনি দক্ষিণের সীমান্ত পাহারার জন্য আরো পুলিশ ও সেনা সেখানে পাঠাবেন। এছাড়া, প্রয়োজনে রোমানিয়া সীমান্তে ১০ দিনের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি গ্রহণ করবেন।
বালকান দেশগুলোর এ পদক্ষেপের ফলে শরণার্থী ও পাচারকারীরা বিকল্প পথ হিসেবে আলবেনিয়া ও বুলগেরিয়ার মত দেশকে ব্যবহার করতে পারে বলে জানিয়েছে বিবিসি।
ওই সব দেশ এরই মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
