অনশনে ইউক্রেইনের বিচারাধীন পাইলটের মৃত্যুর আশঙ্কা
রাশিয়ায় বিচারাধীন ইউক্রেইনের এক নারী পাইলট অনশন চালিয়ে যাচ্ছেন এবং বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তার মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার আইনজীবী।
২০১৪ সালের জুনে ইউক্রেইন সেনাবাহিনী ও রাশিয়াপন্থি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের সময় নাদিয়া সাভচেনকো (৩৪) কে গ্রেপ্তার করে রাশিয়ার কাছে হস্তান্তর করা হয়।
সাভচেনকোর বিরুদ্ধে রাশিয়ার দুই সাংবাদিককে হত্যার অভিযোগে আনা হয়েছে। তিনি দোষী সাব্যস্ত হলে তার ২৫ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।
যদিও সাভচেনকো তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
ইউক্রেইনের অনেকের কাছে তিনি এখন জাতীয় বীর। ক্রেমলিনের বিরুদ্ধে প্রতিরোধের জ্বলন্ত উদাহরণ হিসেবে গণ্য করা হচ্ছে তাকে।
বুধবার সাভচেনকোর আইনজীবী নিকোলাই পোলোজোভ রয়টার্সকে বলেন, অনশন শুরুর পর থেকেই সাভচেনকো জ্বরে আক্রান্ত। তার হৃদরোগও দেখা দিয়েছে।
পোলোজভ বলেন, “তার জীবন ঝুঁকিতে রয়েছে। আইনজীবী হিসেবে এখন আমাদের প্রধান লক্ষ্য হল ইউক্রেইনের চিকিৎসকদেরকে তার কাছে পাঠানোর ব্যবস্থা করা। যাতে তারা সাভচেনকোর চিকিৎসা করতে পারেন।”
রাশিয়ার ‘প্রহসনের বিচারের’ প্রতিবাদে সাভচেনকো গত সপ্তাহের শেষ দিক থেকে খাবার ও পানীয় গ্রহণ বন্ধ করে দেন।
রাশিয়ার দক্ষিণাঞ্চলের প্রদেশ রোসটভ-অন-ডন এর একটি আদালত বুধবার জানায়, ২১-২২ মার্চ সাভচেনকোর মামলার শুনানি হবে।
