পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখল ইন্দোনেশিয়া
এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের হাজার-হাজার মানুষ বিভিন্ন স্থান থেকে সূর্যগ্রহণ দেখেছে। ইন্দোনেশিয়ার কিছু দ্বীপ থেকে দেখা গেছে এ গ্রহণ।
স্থানীয় সময় ৬টা ১৯ মিনিটে সূর্যগ্রহণ শুরু হয়। দেশটির কয়েকটি দ্বীপে সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে ঢাকা পড়ে যায়। ফলে দিনের শুরুতেই এসব এলাকায় রাত নেমে আসে।
মাবা, মালুকুসহ কয়েকটি দ্বীপে প্রায় তিন মিনিট পর্যন্ত অন্ধকার হয়ে ছিল। এছাড়া, অন্য এলাকাগুলোতে প্রায় দুই মিনিট পর্যন্ত অন্ধকার ছিল।
দেশটিতে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার অন্যতম একটি জায়গা ছিল বেলিতুংয়ের অলিভিয়া সমুদ্র সৈকত। সেখানে ভোরের আগে থেকেই ভিড় করেন দর্শণার্থীরা। ৩০ জন বিদেশিসহ প্রায় ২শ’ মানুষ সূর্যগ্রহণ দেখতে জড়ো হয় বলে জানিয়েছে বিবিসি।
ইন্দোনেশিয়া ছাড়াও চীন, দক্ষিণপূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, হাওয়াই, আলাস্কাসহ কয়েকটি দেশে আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে।
