২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোন কোম্পানির বিরুদ্ধে সন্ত্রাসে ‘মদদের’ অভিযোগ

নিবন্ধনহীন সিম কার্ডের সংযোগ বিচ্ছিন্ন করায় ব্যর্থতার মাধ্যমে মোবাইল ফোন কোম্পানি এমটিএন বোকো হারামের সন্ত্রাসে ‘মদদ’ দিচ্ছে বলে অভিযোগ করেছেন নাইজেরীয় প্রেসিডেন্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 02:07 PM

Updated : 12 Apr 2022, 01:35 AM

বিবিসি বলছে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার নাইজেরিয়া সফরকালে মঙ্গলবার এ অভিযোগ করেছেন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি।

গেল বছর নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিবন্ধনহীন সিম কার্ডের সংযোগ বিচ্ছিন্ন করতে ব্যর্থ হওয়ায় দক্ষিণ আফ্রিকার বেসরকারি কোম্পানিটিকে তিন দশমিক চার বিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল।

কিন্তু অন্যান্য মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলো ২০১৫ সালের মাঝামাঝি নির্ধারিত সময়ের মধ্যেই সব সিম কার্ড নিবন্ধন করতে সফল হয়।

সমন্বিত হামলা চালানোর ক্ষেত্রে বোকো হারাম জঙ্গিরা নিবন্ধনহীন সিম ব্যবহার করছে বলে বিশ্বাস নাইজেরিয়ার।

বিবিসির নাইজেরিয়া প্রতিনিধি জানিয়েছেন, রাজধানী আবুজায় আফ্রিকা মহাদেশের দুই শীর্ষ অর্থনীতির দেশের দুই প্রেসিডেন্টের আলোচনায় এমটিএনের জরিমানার বিষয়টিই প্রাধান্য পায়।

বৈঠকের পর জুমার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বুহারি বলেন, “আপনারা জানেন কীভাবে সন্ত্রাসীরা নিবন্ধনহীন সিম কার্ড ব্যবহার করছে এবং ২০০৯ থেকে আজ পর্যন্ত অন্ততপক্ষে ১০ হাজার নাইজেরীয় বোকো হারামের হাতে নিহত হয়েছেন।”

“দুর্ভাগ্যজনকভাবে এমটিএন খুব ধীর গতিতে চলছিল এবং হতাহতের ক্ষেত্রে ভূমিকা রাখছিল,” বলেন বুহারি।

এই ইস্যুতে এটাই বুহারির প্রথম মন্তব্য। 

প্রথমে অক্টোবরে এমটিএনকে পাঁচ দশমিক দুই বিলিয়ন ডলার জরিমানা করেছিল নাইজেরিয়া। কিন্তু পরে তা কমিয়ে তিন দশমিক ৪ বিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়।

জরিমানার পরিমাণ আরো কমানোর জন্য দেনদরবার করছে এমটিএন। কিন্তু বুহারি বলেছেন, কোম্পানিটি চাইলে ধাপে ধাপে জরিমানার অর্থ পরিশোধ করতে পারবে।