২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওবামার সঙ্গে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর’

চলতি মাসের শেষ দিকে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Mar 2016, 01:55 PM

Updated : 12 Apr 2022, 01:35 AM

পাশাপাশি তিনি ওয়াশিংটন সফরও বাতিল করেছেন বলে সোমবার জানিয়েছে হোয়াইট হাউস।

যুক্তরাষ্ট্র সফর বাতিলের সিদ্ধান্তের মাধ্যমে ওবামার সঙ্গে তার বিরূপ সম্পর্কের সর্বশেষ অধ্যায়টি তুলে ধরলেন নেতানিয়াহু।

গেল বছর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের সঙ্গে করা আন্তর্জাতিক পরমাণু চুক্তি নিয়ে ওবামার সঙ্গে গভীর মতপার্থক্য ছিল নেতানিয়াহুর। সেই মতপার্থক্যের জেরই প্রকাশ পেল তার এ সিদ্ধান্তে। 

হোয়াইট হাউস জানিয়েছে, ১৮ বা ১৯ মার্চ ওবামার সঙ্গে নেতানিয়াহুর বৈঠক আয়োজনের জন্য অনুরোধ করেছিল ইসরায়েলি সরকার। দুই সপ্তাহ আগে ১৮ মার্চ বৈঠকটি করার প্রস্তাব দেওয়া হয়।

এই বৈঠকের আয়োজন করার ব্যস্ততার মধ্যেই গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে হোয়াইট হাউস জানতে পারে ওয়াশিংটন সফর বাতিল করেছেন নেতানিয়াহু।

এক ইমেইল বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র নেড প্রাইস বলেন, “দ্বিপাক্ষিক এই বৈঠক আয়োজনের বিষয়টি এগিয়ে নেওয়ার সময় গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে প্রথম জেনে বিস্মিত হই যে, তিনি আমাদের প্রস্তাব গ্রহণ করার বদলে সফরই বাতিল করেছেন।

“প্রধানমন্ত্রীর সফরসূচিটি যে অর্থহীন বিষয়ে পরিণত হয়েছে প্রতিবেদনগুলো দেখার পরও সেটি মেনে নিতে পারছিলাম না আমরা।”   

সফর বাতিল করা সম্পর্কে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাৎক্ষণিকভাবে কোনো কিছু বলা হয়নি।

কিছুদিন ধরে কয়েকশত বিলিয়ন ডলারের ১০ বছরব্যাপী এক প্রতিরক্ষা সহায়তা চুক্তির বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের দরকষাকষি চলছে। এমন একটি সময়েই যুক্তরাষ্ট্র সফর বাতিল করলেন নেতানিয়াহু।

আগামী ২১ ও ২২ মার্চ ওবামা কিউবার রাজধানী হাভান সফরের পরিকল্পনা করেছেন বলে এক ঘোষণায় জানিয়েছে হোয়াইট হাউস। ঠাণ্ডা যুদ্ধকালীন এই শত্রু রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ার অংশ হিসেবে ওবামা কিউবা যাওয়ার পরিকল্পনা করেছেন।

ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ওবামা কিউবা যাওয়ার আগে দুনেতার বৈঠকের জন্য উপযুক্ত সময় পাওয়া যায়নি। ‍

শুধু ওবামার সঙ্গে বৈঠক করার জন্যই চলতি মাসে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র যাওয়া কথা ছিল এমন নয়, পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ইসরায়েলপন্থি লবি এআইপিএসি-র সম্মেলনেও তার ভাষণ দেওয়ার কথা ছিল।

তবে এর আগে কখনো কখনো তিনি এআইপিএসি-র সম্মেলনে স্যাটেলাইটের মাধ্যমেও ভাষণ দিয়েছেন।