বাগদাদে আইএসের বোমা হামলায় নিহত ৬০
ইরাকের রাজধানী বাগদাদে পুলিশ চেকপোস্টের কাছে তেলবোঝাই ট্যাঙ্কার নিয়ে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে হামলায় অন্তত ৬০ জন নিহত এবং ৭০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
রোববার স্থানীয় সময় দুপুরের দিকে বাগদাদের দক্ষিণের শহর হিলায় এ হামলার ঘটনা ঘটে।
আমাক ওয়েবসাইটে আইএস’র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “একজন শহীদ ট্রাক বোমা নিয়ে ব্যাবিলনের হিলা শহরের প্রবেশ পথের চেকপয়েন্টটি গুঁড়িয়ে দিয়েছে এবং কয়েক ডজন মানুষকে হত্যা বা আহত করেছে।”
ব্যাবিলন প্রদেশের রাজধানী হিলা শিয়া অধ্যুষিত। প্রাদেশিক নিরাপত্তা কমিটির প্রধান ফালাহ আল-রাদি রয়টার্সকে বলেন, “এটা এই প্রদেশে এখন পর্যন্ত হওয়া সবচেয়ে বড় বোমা হামলার ঘটনা।”
“বিস্ফোরণের ধাক্কায় চেকপয়েন্ট, নিকটবর্তী থানা, আশেপাশের কয়েকটি বাড়ি এবং কয়েক ডজন গাড়ি উড়ে গেছে।”
