২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় ইরানি ধনকুবেরের মৃত্যুদণ্ড

দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত ইরানের ধনকুবের ব্যবসায়ী বাবাক জানজানিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 08:00 PM

Updated : 12 Apr 2022, 01:34 AM

সরকারি তেল বিক্রি করে পাওয়া কোটি কোটি ডলারের রাজস্ব নিজের কোম্পানির মাধ্যমে তুলে নেওয়ার অভিযোগে ২০১৩ সালের ডিসেম্বরে জানজানিকে গ্রেপ্তার করা হয়।

যদিও তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন জানজানি।

এক সংবাদ সম্মেলনে বিচার বিভাগের এক মুখপাত্র বলেন, জালিয়াতি ও অর্থনৈতিক অপরাধে জানজানি দোষী সাব্যস্ত হয়েছেন।

এ মামলায় আরও দুইজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে তাদের সবাইকে আত্মসাৎ করা অর্থ ফেরত দিতে বলা হয়ছে।

ইরানের অন্যতম ধনীদের একজন জানজানি। ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকার সময় কৌশলে দেশটির তেল বিক্রি করায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন জানজানিকে কালো তালিকাভূক্ত করেছে।

সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানির মাধ্যমে ২০১০ সাল থেকে জানজানি ইরান সরকারের হয়ে লাখ লাখ ব্যারেল তেল বিক্রি করেছেন।

তাকে গ্রেপ্তার করার আগে জানজানি দাবি করেছিলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তিনি ১২০ কোটি ডলার সরকারের কাছে হস্তান্তর করতে পারেননি।

জানজানিকে গ্রেপ্তারের একদিন আগে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ‘অর্থনৈতিক দুর্নীতি’ বিশেষ করে যেসব ব্যক্তি ইরানের ওপর থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সুযোগ নিচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে লড়াই করার নির্দেশ দেন।

২০১৩ সালে বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে জানজানি ইরানের রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক থাকার বিষয়টি বাতিল করে দিয়ে বলেছিলেন, “আমি রাজনৈতিকভাবে কিছু করছি না, আমি শুধুমাত্র ব্যবসা করছি।”

ওই সময় জানজানি জানিয়েছিলেন, তার সম্পদের পরিমাণ প্রায়  সাড়ে তেরশ’ কোটি মার্কিন ডলার।