রাশিয়া-সিরিয়া শরণার্থীদের ‘অস্ত্র’ হিসাবে ব্যবহার করছে: নেটো
রাশিয়া ও সিরিয়া শরণার্থীদের পশ্চিমাদের বিরুদ্ধে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন নেটোর শীর্ষ কমান্ডার।
ইউরোপীয়ান কমান্ডের প্রধান ইউএস জেনারেল ফিলিপ ব্রিডলভ বলেন, “রাশিয়া ও সিরিয়া (প্রেসিডেন্ট বাশার আল-আসাদ) সরকার ইউরোপকে অস্থিতিশীল করতে এবং এর অবকাঠামো ধ্বংস ও ঐক্য বিনষ্ট করতে ইচ্ছাকৃতভাবে শরণার্থীদের অস্ত্র হিসেবে ব্যবহার করছে।”
ইউএস সিনেট আর্মড সার্ভিসেস কমিটিকে তিনি বলেন, শরণার্থী সঙ্কটের মধ্যে রাশিয়া অসামরিক উপায়ে নেটো জোট ও ইউরোপের মধ্যে বিভেদ সৃষ্টির সুযোগ নিচ্ছে।
সিরিয়ার বেসামরিক নাগরিকদের উপর ব্যারেল বোমা নিক্ষেপ ও নিষিদ্ধ অন্যান্য অস্ত্র ব্যবহারের সমালোচনাও করেন তিনি।
শরণার্থীদের ভিড়ে অপরাধী, চরমপন্থি ও জঙ্গিরা বিশেষ করে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধারা ইউরোপে প্রবেশ করছে বলে জানান তিনি।
মেসিডোনিয়া সীমান্ত বন্ধ করে দেওয়ার পরও শরণার্থীদের গ্রিসে জড় হওয়া অব্যাহত রয়েছে।
শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সংস্থা (আইওএম) এর তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত সমুদ্র পেরিয়ে প্রায় এক লাখ ৩০ হাজার শরণার্থী ইউরোপে পৌঁছেছে। এছাড়া ভূপথে পৌঁছেছে আরও প্রায় দেড় হাজার জন। এ সময়ে সমুদ্রে ডুবে মারা গেছে বা নিখোঁজ রয়েছে ৪১৮ জন।
সোমবার একদল শরণার্থী সীমান্ত বেড়া উপড়ে ফেলে মেসিডোনিয়ায় প্রবেশের চেষ্টা করলে দেশটির পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে।
মেসিডোনিয়ার এই কাণ্ডের সমালোচনা করে ইউরোপীয় কমিশনের মুখপাত্র মার্গারিটিস শিনাস বলেন, “আমরা ওই ঘটনা শুধু দেখেছি। শরণার্থী সঙ্কট মোকাবেলার এই পরিকল্পনা আমাদের না।”
