২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে প্রখ্যাত সৌদি হুজুর গুলিতে আহত 

ইসলামি স্টেটের (আইএস) হিটলিস্টে থাকা এক সৌদি হুজুর ফিলিপাইনে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Mar 2016, 02:49 PM

Updated : 12 Apr 2022, 01:32 AM

মঙ্গলবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর জাম্বোয়ানগায় ধর্মীয় জমায়েতে বক্তৃতা দিয়ে বের হওয়ার সময় তিনি হামলার শিকার হন বলে জানিয়েছে পুলিশ।

আহত আয়েদ আল কার্নি সৌদি সরকারের সমর্থক প্রখ্যাত একজন ধর্মীয় ব্যক্তিত্ব। ট্যুইটারে তার এক কোটি ২০ লাখেরও বেশি অনুসারি রয়েছে।

জাম্বোয়ানাগার একটি স্কুলের অডিটোরিয়ামে ইসলাম ধর্মীয় ওই জমায়েতটির আয়োজন করা হয়েছিল। এখানে বক্তৃতা দিয়ে রাত সাড়ে ৮টায় বের হওয়ার সময় এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

গুলিবর্ষণকারী নিজেও ওই জমায়েতে কার্নির বক্তৃতার সময় উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র পরিদর্শক হেলেন গ্যালভেজ।   

গুলিতে ফিলিপাইনের সৌদি দূতাবাসের এক কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

কার্নির নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন হামলাকারী বন্দুকধারীকে গুলি করে হত্যা করে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

কার্নিকে জাম্বোয়ানগা সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

“হামলার মোটিভ জানতে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি,” বলেন গ্যালভেজ।

কঠোর শরিয়া আইন প্রবর্তন করতে ব্যর্থ হওয়ায় ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ মিত্রতার কারণে সৌদি আরবের শাসক আল সৌদ পরিবারকে ধর্মত্যাগী বলে বিবেচনা করে আইএস। সরকারিভাবে কোনো পদে না থাকলেও কার্নি সৌদি সরকারের সর্মথক, আর এ কারণে একজন ‘স্বাধীন’ ধর্মীয় নেতা হিসেবে তৎপরতা চালাতে পারছেন তিনি।