২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কথিত মৃত সন্তানকে দেখতে চান বলিভিয়ার প্রেসিডেন্ট’

নিজ সন্তানকে দেখার দাবি জানিয়ে সাবেক বান্ধবীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 12:47 PM

Updated : 12 Apr 2022, 01:32 AM

তবে ওই ছেলে সন্তান নয় বছর আগেই মারা গেছেন বলে ধারণা করছেন তিনি, জানিয়েছে বিবিসি।

২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত জাপাতা নামের এক নারীর সঙ্গে সম্পর্ক ছিল মোরালেসের। ওই সময় জাপাতা গর্ভবতী হন এবং তার একটি পুত্র সন্তান হয়।

এর কিছুদিন পর জাপাতা মোরালেসকে জানান, জন্মের পরপরই তাদের সন্তান অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়। 

কিন্তু সম্প্রতি জাপাতার এক আত্মীয় জানিয়েছেন, ওই ছেলেটি বলিভিয়ার নাম না জানা একটি এলাকায় বসবাস করছে।

এটি শোনার পর সোমবার নিজ ছেলের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেন মোরালেস।

ওই দিন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি পুরোপুরি বিশ্বাস করি ছেলেটি দুর্ভাগ্যজনকভাবে মারা গেছে। আমি নিজেকে জিজ্ঞেস করেছি, কেন তারা ২০০৭ সাল থেকে আমার কাছ থেকে তাকে লুকিয়ে রাখবে? কী কারণে তারা আমার সঙ্গে দূরত্ব বোধ করবে?”

বলিভিয়ার ‘স্বচ্ছতা’ মন্ত্রী লেনি ভ্যালদিভিয়া জানিয়েছেন, ২০০৭ সালের পর থেকে কী কী ঘটেছে তার বিষয়ে জাপাতার বক্তব্য পরস্পরবিরোধী। 

তিনি বলেন, “প্রেসিডেন্টকে সন্তানের জন্মের কথা তিনি জানিয়েছিলেন। প্রেসিডেন্ট সন্তান লালন-পালনের জন্য খরচ দেন। কিন্তু যখন সন্তানকে দেখতে চাইলেন, জাপাতা জানালেন, তাদের সন্তান মারা গেছে।”

একটি দুর্নীতির তদন্তের অংশ হিসেবে শনিবার প্রায় ত্রিশ বছর বয়সী মিস জাপাতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চীনা নির্মাণ কোম্পানি সিএএমসি-র শীর্ষ নির্বাহী হিসেবে কাজ করছিলেন।

তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করেননি জাপাতা। 

গত মাসে বলিভিয়ার গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়, সাম্প্রতিক বছরগুলোতে কোম্পানিটি সরকারের কাছ থেকে ৫০ কোটি ডলারের ঠিকাদারির কাজ পেয়েছে।

সাবেক বান্ধবীর সঙ্গে যোগাযোগের সূত্রে কোম্পনিটিকে লাভ পাইয়ে দিতে মোরালেস তার প্রভাব ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছে দেশটির বিরোধীদলগুলো। 

অভিযোগ অস্বীকার করে মোরালেস বলেছেন, গণভোটের আগে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য ডানপন্থি গোষ্ঠীগুলোর কৌশলের অংশ এসব অভিযোগ।

চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচন করার সুযোগ পেতে সংবিধান পরিবর্তন করতে চেয়েছিলেন মোরালেস, কিন্তু এ বিষয়ে আয়োজিত এক গণভোটে প্রস্তাবে বিপক্ষে ৫১ দশমিক ৩ ভোটে পড়ায় তিনি হার মানেন।     

২০০৬ সাল থেকে পরপর টানা নির্বাচিত হয়ে বলিভিয়ার প্রেসিডেন্ট পদে আছেন মোরালেস, চলতি মেয়াদে তিনি ২০২০ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট থাকবেন।