পাচৌরির বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যানেলের (আইপিসিসি) সাবেক প্রধান রাজেন্দ্র পাচৌরির বিরুদ্ধে ভারতের একটি আদালতে যৌন হয়রানির মামলা হয়েছে।
গত বছর ‘এনভায়রনমেন্টাল থিংক ট্যাঙ্ক দ্য এনার্জি অ্যান্ড রিসোর্স ইন্সটিটিউট’ (টেরি)র একজন নারীকর্মী পাচৌরির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন।
ওই অভিযোগ অস্বীকার করে আইপিসিসি’র প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন পাচৌরি।
কিন্তু গত মাসে টেরির আরেক নারী কর্মী একই অভিযোগ করলে বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় উঠে।
নতুন করে অভিযোগ ওঠার পর ফেব্রুয়ারিতে টেরি থেকে পাচৌরিকে বাধ্যতামূলক অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়।
পিটিআই জানায়, মঙ্গলবার দিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শিভানি চৌহানের আদালতে পাচৌরির বিরুদ্ধে ১,৪০০’রও বেশি পাতার অভিযোগ দায়ের করা হয়েছে।
পাচৌরির বিরুদ্ধে যৌন হয়রানিসহ অপরাধমূলক কারণে ভীতিপ্রদর্শনেরও অভিযোগ আনা হয়েছে।
যৌন নিপীড়নের অভিযোগ জানানো প্রথম নারীকর্মী এ মামলা করেছেন। ২৩ এপ্রিল মামলার শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
২০০২ সাল থেকে আইপিসিসি’র চেয়ারম্যান ছিলেন পাচৌরি। ২০০৭ সালে জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে অবদান রাখার জন্য নোবেল পুরস্কার পায় আইপিসিসি। সংস্থাটির পক্ষ থেকে পাচৌরি ওই পুরস্কার গ্রহণ করেন।
