২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিকায় হতে পারে মারাত্মক স্নায়বিক বৈকল্য

জিকা ভাইরাসে আক্রান্তদের মধ্যে কেউ কেউ মারাত্মক স্নায়বিক বৈকল্যে ভূগতে পারেন। এক গবেষণায় এ সংক্রান্ত প্রথম প্রমাণ পাওয়ার খবর দিয়েছে বিবিসি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 09:05 PM

Updated : 12 Apr 2022, 01:32 AM

মেডিকেল সাময়িকী ল্যানসেট জার্নালের বরাতে গণমাধ্যমটি বলছে, জিকায় আক্রান্ত হওয়ার ৬ দিনের মধ্যে এ স্নায়বিক বৈকল্য দেখা দিতে পারে। এ রোগটিকে বলা হচ্ছে গিলেইন-বারে সিনড্রোম।

জিকায় আক্রান্ত প্রতি চার হাজার জনে একজন এ রোগে আক্রান্ত হতে পারেন বলে ধারণা প্রকাশ করেছেন গবেষকরা।

ফ্রেঞ্চ পলিনেশিয়ায় দুই বছর আগে জিকা ভাইরাসে আক্রান্ত ৪২ রোগীর রক্তের নমুনা পরীক্ষা করে গবেষকরা গিলেইন-বারের সঙ্গে জিকার এ সংযোগ খুঁজে পান বলে জার্নালটিতে দাবি করা হয়েছে।

গবেষকরা বলছেন, জিকা ভাইরাস সংক্রমণে রোগীর দেহে স্নায়বিক জটিলতা দেখা দিতে শুরু করার পরে তা ধীরে ধীরে গিলেইন বারে সিনড্রোমে রূপ নেয়। এ রোগীদের অবস্থা সাধারণভাবে ওই সিনড্রোমে আক্রান্ত রোগীদের চেয়ে দ্রুত অবনতির দিকে যায়।

গবেষকরা জানান, ৪২ জন আক্রান্তের কেউই মারা যাননি। তবে তাদের অনেকেই বেশ কয়েক মাস ধরে অন্যের সহায়তা ছাড়া হাঁটতে পারেননি।

গিলেইন-বারে সিনড্রোমে আক্রান্ত রোগী স্নায়ুরোগে ভূগে তার পেশী দুর্বল হয়ে পড়তে পারে। আরো গুরুতর পরিস্থিতিতে রোগীর প্যারালাইসিস হতে পারে। তার শ্বাস-প্রশ্বাসেও সমস্যা হতে পারে।

যেসব দেশে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ছে গিলেইন-বারে সিনড্রোমের মতো স্নায়ুর নানা ধরনের রোগ মোকাবেলায় তাদের অতিরিক্ত প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছেন গবেষকরা।

চলতি মাসের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জিকা ভাইরাসকে ‘জনস্বাস্থ্যের জন্য হুমকি’ঘোষণা করে এ নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।

মশাবাহিত এই ভাইরাসের সঙ্গে মাইক্রোফেলাসি রোগের উপসর্গ ‘নবজাতকের অবিকশিত মস্তিষ্ক’ এর সংযোগ রয়েছে এমন সন্দেহে এরই মধ্যে মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে ‘জরুরি অবস্থা’ জারি করা হয়েছে।

মাইক্রোফেলাসি ছাড়া আর কোনো ভাইরাসের সঙ্গে জিকার যোগ আছে কি না, তা নিয়ে গবেষণার মধ্যে গিলেইন-বারে সিনড্রোমের এ প্রমাণ মিলল।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্রাজিল, কলম্বিয়া, এল সালভাদর, সুরিনাম ও ভেনিজুয়েলায়েএ সিনড্রোম আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে বলে হু এর এক পরিসংখ্যানে দেখা গেছে।

অবশ্য এখনই এ নিয়ে ‘আতঙ্কিত’ হতে বারণ করেছেন বিশেষজ্ঞরা।