২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে প্রেসিডেন্ট নির্বাচন এগুলো

মিয়ানমারে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের দিন এক সপ্তাহ এগিয়ে ১০ মার্চ করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 07:37 PM

Updated : 12 Apr 2022, 01:32 AM

মঙ্গলবার সংসদের উচ্চকক্ষের স্পিকার এ তথ্য জানিয়ে বলেন, পূর্ব নির্ধারিত সময়ের চেয়ে এক সপ্তাহ আগে মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্পিকার মান উইন খাইং থান বলেন, “প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য তিন মনোনয়ন প্রার্থীর সভার তারিখ এক সপ্তাহ এগিয়ে এনে ১০ মার্চ করা হয়েছে।”

তবে ওইদিনই ভোট অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

প্রেসিডেন্ট পদে সংসদের উভয়কক্ষ থেকে একজন করে মোট দুইজন প্রার্থী মনোনয়ন দেওয়া হবে এবং সেনাবাহিনী থেকে একজনকে মনোনয়ন দেওয়া হবে। মিয়ানমারের সংবিধান অনুযায়ী, সংসদের একচর্তুথাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সেনাপ্রধান মিন অং হাইং ও অং সান সু চির মধ্যে তিন দফা বৈঠকের পর নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছর ৮ নভেম্বর জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে সু চির দল ন্যাশনাল লীগ ফল ডেমোক্রেসি (এনএলডি)।

সু চি নিজ আসনেও জয়লাভ করেন। মূলত সু চির হাত ধরেই মিয়ানমারে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পথ সুগম হয়েছে।

নির্বাচনে ৮০ শতাংশ আসন দখল করায় সাংসদদের ভোটে সু চির প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়ার কোনো কারণও ছিল না।

কিন্তু জান্তা শাসন আমলে তৈরি মিয়ানমারের সংবিধান অনুযায়ী সু চি দেশটির প্রেসিডেন্ট হতে পারবেন না।

মিয়ানমারের সংবিধান অনুযায়ী, সন্তান বিদেশি নাগরিক এমন কেউ দেশটির প্রেসিডেন্ট হতে পারবেন না। কথিত আছে, সু চিকে আটকাতেই জান্তা সরকার সংবিধানে এ ধারাটি সংযুক্ত করেছিল।

সু চির প্রয়াত স্বামী যু্ক্তরাজ্যের নাগরিক ছিলেন। তার দুই ছেলেও যুক্তরাজ্যের নাগরিক।

যদিও নির্বাচনে এনএলডির বিপুল ভোটে জয়লাভের পর সু চি ঘোষণা দিয়েছিলেন দলের নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে তার হাতে থাকবে এবং প্রেসিডেন্টের উপরে থেকে তিনি দেশ পরিচালনা করবেন।

এনএলডি’র হাতে প্রেসিডেন্ট পদে সু চির বিকল্প কেউ নেই।

মনোনয়ন পাওয়া তিন প্রার্থীর মধ্যে সাংসদদের ভোটে একজন পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। হেরে যাওয়া দুই প্রার্থী ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

নতুন প্রেসিডেন্ট মন্ত্রিসভা গঠন করবেন।

নতুন মন্ত্রিসভা ১ এপ্রিল বিদায়ী প্রেসিডেন্ট থেইন সেইনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করবে।