বর্ণবাদী মন্তব্যের শিকার কৃষ্ণাঙ্গ ব্রিটিশ এমপিও
যুক্তরাজ্যের পার্লামেন্টে ‘শুধু সদস্যদের জন্য’ লেখা এক লিফটে উঠে আরেক পার্লামেন্ট সদস্যের (এমপি)বর্ণবাদী মন্তব্য শুনতে হয়েছে একজন কৃষ্ণাঙ্গ পার্লামেন্ট সদস্যকে।
ডন বাটলার নামের ওই নারী পার্লামেন্ট সদস্য সরাসরি সম্প্রচারিত বিবিসি ফাইভ রেডিও লাইভকে তার এ ধরনের নিদারুণ অনেকগুলো অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘শুধু সদস্যদের জন্য’ লেখা ওয়েস্টমিনস্টারের ওই লিফটে ওঠার পর সহকর্মী এক পার্লামেন্ট সদস্য বলে ওঠেন, “এই লিফটটি ক্লিনারদের জন্য নয়।”
ঘটনা তুলে ধরলেও ওই পার্লামেন্ট সদস্যের নাম প্রকাশ করেননি লেবার দলীয় পার্লামেন্ট সদস্য বাটলার। তবে পার্লামেন্টে এ ধরনের বর্ণবাদী ‘অনেক ঘ্টনার’ মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
৪৬ বছর বয়সী বাটলার ব্রেন্ট সেন্ট্রাল এলাকার নির্বাচিত প্রতিনিধি। ২০০৫ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর গত বছর পুনরায় নির্বাচিত হন।
লন্ডনের সাবেক মেয়র কেন লিভিংস্টোন বলেছেন, ‘বেশ কয়েক বছর আগে নির্বাচিত হওয়ায়’ মিস বাটলারের সঙ্গে এ ধরনের আচরণ ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ এবং বিষয়টি নিয়ে পার্লামেন্টে তার কথা বলা উচিত।
জ্যামাইকান অভিবাসীর কন্যা বাটলার এর আগেও হাউস অব কমন্সে তার সঙ্গে করা অন্যান্য বর্ণবাদী আচরণের বর্ণনা দিয়েছেন।
২০০৮ সালে এক লেখায় তিনি জানিয়েছিলেন, এক সাবেক মন্ত্রী তাকে জিজ্ঞেস করেছিলেন সদস্যদের জন্য সংরক্ষিত পার্লামেন্টের বারান্দায় তার প্রবেশাধিকার আছে কিনা।
তিনি লিখেছেন, যখন তিনি তাকে জানালেন তিনি (বাটলার) নিজেও একজন এমপি, তখন মন্ত্রী মন্তব্য করে বললেন, “তারা এখন যাকে-তাকে নিয়ে আসছে।”
