শিশুর খন্ডিত মস্তক হাতে নারী গেপ্তার
রাশিয়ার মস্কোয় একটি শিশুর খন্ডিত মস্তক নিয়ে যাওয়ার সময় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের ধারণা, ওই নারী নিহত শিশুটির আয়া ছিল। শিশুটিকে হত্যা করে সে তার নিয়োগকর্তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসে।
একটি মেট্রো স্টেশনের কাছে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা যায়, হিজাব পরা এক নারী মেট্রো স্টেশনের কাছ দিয়ে হেঁটে যাচ্ছে। ওই সময় পুলিশ তাকে আটকালে সে ব্যাগ থেকে একটি কাটা মাথা বের করে। ধস্তাধস্তির পর পুলিশ ওই নারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
অনলাইন ভিত্তিক স্থানীয় ট্যাবলয়েড ‘লাইফ নিউজ’র প্রতিবেদনে বলা হয়, নিহত মেয়ে শিশুটির বয়স দুই বা তিন বছর।
একটি মেট্রো স্টেশনের বাইরে একজন পুলিশ ওই নারীকে থামিয়ে তার পরিচয়পত্র দেখাতে বলে। ওই সময় সে তার ব্যাগ থেকে একটি কাটা মস্তক বের করে এবং ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে আত্মঘাতী বোমা হামলা চালানোর হুমকি দিতে থাকে।
পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর তাকে গ্রেপ্তার করা হয়। যদিও তার কাছে কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি।
মস্কো ইনভেসটিগেটিভ কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “গ্রেপ্তারের পর মানসিকভাবে সুস্থ কিনা তা পরীক্ষার জন্য ওই নারীকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।”
“মস্কোর উত্তর-পশ্চিমাঞ্চলের একটি আগুনে পুড়ে যাওয়া ফ্ল্যাট থেকে একটি শিশুর মস্তকবিহীন পোড়া দেহ উদ্ধারের পর তদন্ত শুরু হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, শিশুটির আয়া মধ্য এশিয়ার কোনো দেশের নাগরিক।ওই দিন তিনি নিহত শিশুটির বাবা-মা ও তাদের বড় সন্তানের বাসা থেকে বের হওয়ার অপেক্ষায় ছিলেন।
তারা বের হয়ে গেলে ওই নারী শিশুটিকে হত্যা করে ফ্ল্যাটে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। তার এ কাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
