সোমালিয়ায় পৃথক বোমা হামলায় নিহত ৩০
সোমালিয়ার বাইদাও শহরের একটি ব্যস্ত জংশন ও রেস্টুরেন্টের কাছে ইসলামি জঙ্গিগোষ্ঠী আল শাবাবের বোমা হামলায় অন্ততপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।
পুলিশ ও জঙ্গিগোষ্ঠীটির সূত্রে এই তথ্য জানা গেছে।
আল শাবাব গোষ্ঠী প্রায়ই পশ্চিমাসমর্থিত সরকারের পতনের লক্ষ্যে অস্থিতিশীলতা তৈরি করতে দেশটির রাজধানীতে আত্মঘাতী হামলা চালিয়ে থাকে।
গোষ্ঠীটি হর্ন অব আফ্রিকার এই দেশটিতে কঠোর ইসলামি শরিয়া আইন চালু করতে চায়।
রাজধানী মোগাদিসু থেকে ১৫২ মাইল উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাইদাও শহর থেকে পুলিশের মেজর বাইলো নূর বলেন, “রেস্টুরেন্ট ও জংশনটি তখন খুবই ব্যস্ত ছিল।”
পুলিশ কর্নেল আবদি ওসমান বলেন, নিহতের সংখ্যা ৩০ এবং আহত হয়েছেন ৪০ জন। হাসপাতাল সূত্র জানিয়েছে, অনেকের দেহ পাওয়া গেছে যাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, জংশনে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। আর রেস্টুরেন্টের কাছে বিস্ফোরিত দ্বিতীয় বোমাটি সম্ভবত পেতে রাখা হয়েছিল কিংবা আত্মঘাতী হামলা হতে পারে।
