ইরানের নির্বাচন: তেহরানে সংস্কারপন্থিদের জয়
ইরানের পার্লামেন্ট নির্বাচনে রাজধানী তেহরানে বিপুল ভোটে জয় পেয়েছে সংস্কারপন্থি প্রেসিডেন্ট হাসান রুহানির পক্ষের সংস্কারবাদীরা।
বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে ইরানের পরমাণু চুক্তি স্বাক্ষরের পর এটিই দেশটিতে প্রথম পার্লামেন্ট নির্বাচন।
শুক্রবার একযোগে ইরানের পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদের ভোট অনুষ্ঠিত হয়। সর্বশেষ ভোট গণনার ফলে সারাদেশে রক্ষণশীলরা এগিয়ে থাকলেও তেহরানে সংস্কারপন্থিদেরই জয় দেখা যাচ্ছে।
তবে বাকি ভোট গণনার পর ফল কিছুটা পরিবর্তিত হতে পারে। তেহরানের ৩০ আসনসহ সারাদেশে পার্লামেন্টের মোট আসন ২৯০টি।
ওদিকে, বিশেষজ্ঞ পরিষদের ৮৮ আসনের নির্বাচনের ফলে দেখা যাচ্ছে, তেহরানে প্রথম স্থানে আছেন নীতি নির্ধারণী পরিষদের প্রধান ও সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানি এবং দ্বিতীয় স্থানে রয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি।
এ নির্বাচনের ফল সংস্কারপন্থি প্রেসিডেন্ট হাসান রুহানির ২০১৭ সালে পুনরায় নির্বাচিত হওয়ার পথ প্রশস্ত করবে বলে ধারণা করা হচ্ছে।
