২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে বিমান হামলায় ‘নিহত ৩০’

ইয়েমেনের রাজধানী সানায় একটি বাজারের কাছে বিমান হামলায় অন্ততপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 02:13 PM

Updated : 12 Apr 2022, 01:31 AM

স্থানীয় অধিবাসীদের বরাতে বিবিসি জানিয়েছে, এই হামলায় আহত হয়েছেন আরো অন্ততপক্ষে ৩০ জন।

যদিও কারা এই হামলা চালিয়েছে তা নিশ্চিত নয়। তবে দেশটির হুতি বিদ্রোহীরা এই হামলার জন্য সৌদি আরবের নেতৃত্বাধীন জোটকে দায়ী করেছে।

দেশটির সরকারকে ক্ষমতায় পুনর্বহালের লক্ষ্যে সৌদি আরব ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর অনুগত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে।

জাতিসংঘ বলছে, গেল মার্চে দেশটিতে সৌদি জোট বিমান হামলা চালানো শুরু করার পর এ পর্যন্ত ছয়হাজার মানুষ নিহত হয়েছেন। এদের প্রায় অর্ধেকই বেসামরিক সাধারণ মানুষ।

রাজধানী সানার উত্তর-পূর্বাঞ্চলীয় নিহাম এলাকায় এই বিমান হামলা চালানো হয়। ওই অঞ্চলটিতে সৌদি বিমান হামলার ছত্রছায়ায় সরকারঅনুগত বাহিনী সানার নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সাবা সংবাদ সংস্থাকে অজ্ঞাত এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলায় ৬০ জন নিহত হয়েছেন। সাবা প্রকাশিত প্রতিবেদনে দেওয়া ছবিতে দেখা যায়, হামলায় আহত শিশুরা চিকিৎসা নিচ্ছে।

সানার অন্যান্য এলাকাতেও শনিবার বিমান হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়।

তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এই হামলার বিষয়ে সৌদি জোট কোনো মন্তব্য করেনি।