যুক্তরাষ্ট্রে ৪ জনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক ব্যক্তি গুলি করে চারজনকে হত্যা করার পর পুলিশ ডেকে তাদের সামনে আত্মহত্যা করেছে।
ওয়াশিংটনের ম্যাসন কাউন্টিতে বেলফেয়ারের কাছে শুক্রবার এ ঘটনা ঘটে।
পারিবারিক বিবাদের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ম্যাসন কাউন্টি শেরিফের কার্যালয় থেকে বলা হয়, ‘পারিবারিক কারণে এ হত্যাকাণ্ড’ হয়ে থাকতে পারে।
শেরিফের কার্যালয়ের চিফ ডেপুটি রাসেল অস্টেহাউট রয়টার্সকে বলেন, “আমার জানা মতে, একটি পরিবারের মধ্যে এ ঘটনা ঘটেছে। যে গুলি করেছে সে পরিবারের কর্তা (পিতা) এবং যারা মারা গেছে তারা ওই ব্যক্তির পরিবারের সদস্য।”
১২ বছর বয়সী একটি মেয়ে এ ঘটনার একমাত্র সাক্ষী বলে জানান অস্টেহাউট। ধারণা করা হচ্ছে সে বন্দুকধারী ব্যক্তির মেয়ে।
তিনি বলেন, হয় মেয়েটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে অথবা তাকে অস্ত্রধারী ওই ব্যক্তি ছেড়ে দিয়েছে।
হত্যার পর কয়েক ঘণ্টা ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অস্ত্রধারী ব্যক্তির কথা চালাচালি চলে। এক পর্যায়ে ওই ব্যক্তি ঘর থেকে বেরিয়ে আসে এবং শেরিফের সহকারীর সামনে গুলি করে আত্মহত্যা করে।
ঘটনাস্থলে বিপরীত দিকের বাড়িতে বাস করেন ৭৯ বছর বয়সী জ্যাক পিগট।
টেলিফোনে রয়টার্সকে তিনি বলেন, বৃহস্পতিবার রাতে কাঠের তৈরি বড়িটি থেকে বেশ কয়েকবার তিনি গুলির শব্দ শুনতে পান।
“আমি বুঝতে পেরেছিলাম সেখানে গোলাগুলি হচ্ছে।”
অস্টেহাউট জানান, বন্দুকধারী ব্যক্তি নিজেই শেরিফের কার্যালয়ে এক সার্জেন্টকে ফোন করে ‘তিনি কিছু করেছেন’ বলে জানান এবং কর্তৃপক্ষকে তার বাড়িতে পাঠাতে বলেন।
তবে কিভাবে তিনি ওই সার্জেন্টের নাম্বার পেলেন তা জানা যায়নি।
