২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়াতেমালায় গৃহযুদ্ধ: হত্যা-ধর্ষণে দুই সেনার ৩৬০ বছরের জেল

গুয়াতেমালায় গৃহযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত সেনাবাহিনীর দুই সাবেক সদস্যকে ৩৬০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 06:49 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

সাবেক দুই সেনা সদস্য ফ্রানজিককো রেইয়েজো জিরন ও রিবের্তো ভালদেজ আসির বিরুদ্ধে মায়ান আদিবাসী নারীদের হত্যা, ধর্ষণ ও যৌনদাসী করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে যথাক্রমে ১২০ বছর ও ২৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

গৃহযুদ্ধের সময় নারীদের উপর যৌন সহিংসতার অভিযোগে করা কোনো মামলায় এই প্রথম রায় প্রদাণ করা হলো।

গত শতাব্দীর আশির দশকে বামপন্থি বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনী সংঘর্ষের সময় মায়ান আদিবাসী নারীদের উপর যৌন সহিংসতা চালায় সেনা সদস্যরা।

বিচারক রায় ঘোষণা করার সময় আদালত কক্ষে উপস্থিত লোকজনকে উল্লাস করতে দেখা যায় বলে জানিয়েছে বিবিসি।

রায় ঘোষণার সময় আদালত কক্ষে উপস্থিত ছিলেন গুয়াতেমালার নোবেল পুরস্কার বিজয়ী আদিবাসী নারী রিগোবের্তো মেনকু।

তিনি বলেন, “এটি একটি ঐতিহাসিক রায়। নারী এবং সংঘর্ষের শিকার সব মানুষের জন্য এটা একটি অসাধারণ পদক্ষেপ।”

সংঘর্ষের সময় ফ্রানজিককো রেইয়েজো জিরন সেপুর জার্কো সামরিক ঘাঁটির কমান্ডার ছিলেন। ১৫ নারীকে যৌনদাসী করা এবং এক নারী ও তার দুই মেয়েকে হত্যার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

রিবের্তো ভালদেজ আসি আধাসামরিক বাহিনীর সদস্য হলেও ওই সময় সেনাবাহিনীর সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনিও একই অভিযোগে দোষী সাব্যস্ত হন। এছাড়া  তার বিরুদ্ধে সাতজন পুরুষকে গুম করার অভিযোগও প্রমাণিত হয়।

সেপুর জার্কো সামরিক ঘাঁটিতে সংগঠিত ওই সহিংসতার শিকার নারীরা কয়েক দশক ধরে ন্যায়বিচার দাবি করে আসছিল।

ওই নারীদের প্রতিনিধি ৭০ বছর বয়সী দেমেজিয়া ইয়ক বলেন, “আমরা ধর্ষিত হয়েছি, (আমাদের স্বামীদের গুম করা হয়েছে) সব অপরাধ সংগঠিত হয়েছে। যদি তা না হয়ে থাকে তবে আমাদের স্বামীরা কোথায়? আমরা জানি না তারা কোথায়।”

শুনানি চলাকালে আশির দশকে পূর্বাঞ্চলের পাহাড়ী সেনা ঘাঁটি সেপুর জার্কোতে কি ঘটেছিল তার বিস্তারিত বর্ণনা শুনেছে আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, ১৯৮২ সালে স্বশস্ত্র বাহিনীর সদস্যরা ক্রামগত সেপুর জার্কোর গ্রামে হামলা চালায়। তারা মায়ান নারীদের হত্যা করে বা জোর করে ঘাঁটিতে ধরে নিয়ে যায়।

মায়ান আদিবাসীদের অপরাধ ছিল তারা তাদের জমির অধিকার দাবি করেছিল। যা স্থানীয় জমির মালিকদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়।

ওই সময় মায়ান পুরুষদেরও চরম নির্যাতনের শিকার হতে হয়। তাদের বিরুদ্ধে বামপন্থি গেরিলাদের সাহায্য করার অভিযোগ তুলে ঘাঁটিতে ধরে নিয়ে যাওয়া হয়।

সেনাদের নির্যাতনের শিকার আগুজতি কেন বলেন, সেনা সদস্যরা তাকে ধরে নিয়ে সেলে আটকে প্রতিদিন মারধর করত।

“তার সাতজনকে হত্যা করে, তাদের যে গর্তে রাখা হয়েছিল সেখানে দুইটি গ্রেনেড ছুঁড়ে ওই সাত ব্যক্তিকে হত্যা করা হয়।”

গ্রামের নারীদের প্রতি তিনদিন অন্তর অন্তর সামরিক ঘাঁটিতে আসতে বাধ্য করা হয়। ওই সময় তাদের ধর্ষণ ও যৌন নিপীড়ন করা হত এবং গৃহকর্ম করতে বাধ্য করা হত।

১৯৮৮ সালে সেপুর জার্কো সামরিক ঘাঁটিটি বন্ধ না হওয়া পর্যন্ত এই নির্যাতন চলতে থাকে।