মোরালেসের সাবেক বান্ধবী গ্রেপ্তার
বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের সাবেক বান্ধবীকে দুর্নীতির অভিযোগে এক তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
বিবিসি বলছে, গাব্রিয়েলা যাপাতা নামের ওই নারী চীনের একটি নির্মাণ প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত। সম্প্রতি ওই প্রতিষ্ঠান বলিভিয়ায় মোটা অংকের সরকারি কাজ পায়।
তবে যাপাতার বিরুদ্ধে আনা সম্ভাব্য অভিযোগ সম্পর্কে বিস্তারিত কোনোকিছু এখনো জানা সম্ভব হয়নি।
মোরালেসের বিরোধী গণমাধ্যম অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট হিসেবে প্রভাব খাটিয়ে তিনি সাবেক বান্ধবীর প্রতিষ্ঠানকে কয়েক মিলিয়ন ডলারের কাজ পাইয়ে দিয়েছেন।
অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মোরালেস।
দেশটিতে মোরালেসকে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের সুযোগ দিতে সংবিধান সংশোধনের জন্য একটি প্রস্তাব গণভোটে হেরে যাওয়ার কয়েকদিনের মধ্যেই এই ঘটনা ঘটলো।
গণভোটে হেরে যাওয়ার পেছনে এই সাবেক বান্ধবীর প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার এই অভিযোগ ভূমিকা রেখেছে বলে বিশ্লেষকরা মনে করেন।
তবে মোরলেস বলছেন, এরমধ্যদিয়ে তার বিরুদ্ধে এক নোংরা যুদ্ধ শুরু হয়েছে।
গণভোটে ৯৯.৭ শতাংশ ভোট গণনার পর দেখা যায় ৫১.৩ শতাংশ ভোটার সংবিধান সংশোধন করে মোরালেসকে আর একদফা প্রেসিডেন্ট পদে রাখার যে প্রস্তাব তা বিরোধিতা করেছেন।
আর ৪৮.৭ শতাংশ ভোটার এই প্রস্তাব সমর্থন করেছেন।
অল্পের জন্য চতুর্থবারের মতো দেশ চালনার দায়িত্ব নিতে পারছেন না বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস।
সাবেক কোকা পাতা উৎপাদনকারী দেশটির প্রথম আদিবাসী আইমারা সম্প্রদায় থেকে আসা প্রেসিডেন্ট মোরালেস ২০০৬ সালে ক্ষমতায় আসেন।
বর্তমান প্রেসিডেন্ট হিসেবে ২০২০ সাল পর্যন্ত তার মেয়াদ রয়েছে। সংবিধান সংশোধনে সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন পেলে তিনি ২০২৫ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারতেন।
তবে তিনি এখনো দেশটির জনপ্রিয় ক্ষমতাধর নেতা। তার নেতৃত্বে বলিভিয়া দুই দশকে অর্থনৈতিকভাবে একটি স্থিতিশীল অবস্থানে পৌঁছেছে।
তার নেতৃত্বে ক্ষমতাসীন সরকারের সমাজতান্ত্রিক নীতি দেশটির দারিদ্র সফলতার সঙ্গে কমিয়ে আনতে সক্ষম হয়েছে।
