দ্বিমুখী আক্রমণের মুখে ট্রাম্প
যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বাছাইপর্বের ‘সুপার টুয়েসডে’ এর আগে সর্বশেষ বিতর্কে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিতর্কে আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিমুখী আক্রমণে তাকে তীব্র বাক্যবাণে জর্জরিত করেছেন দুই নিকটতম প্রতিদ্বন্দ্বী সিনেটর টেড ক্রুজ ও সিনেটর মার্কো রুবিও।
এদিন মূলত অভিবাসন, স্বাস্থ্যসেবা ও ল্যাটিন ভোট নিয়ে বিতর্ক হয়েছে। বিতর্কে প্রার্থীরা দীর্ঘ সময় ধরে উচ্চস্বরে বক্তব্য পেশ করা ছাড়াও পরষ্পরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কথা বলেছে।
এখন পর্যন্ত হওয়া চারটি প্রাইমারির তিনটিতেই ট্রাম্প জয়লাভ করেছেন। ১ মার্চ ‘সুপার টুয়েসডে’ তে আরও ১১টি রাজ্যে প্রাইমারি ভোট অনুষ্ঠিত হবে।
বিতর্কে রুবিয়ো ধনকুবের ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, “যদি তার কাছে উত্তরাধিকার সূ্ত্রে পাওয়া ২০ কোটি মার্কিন ডলার না থাকতো তবে জানেন, ডোনাল্ড ট্রাম্প কোথায় থাকতেন? তাহলে তিনি ম্যানহাটানে বসে ঘড়ি বেচতেন।”
‘ট্রাম্প বিশ্ববিদ্যালয়’ নামে অনলাইনে শিক্ষার একটি প্রকল্প চালু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। যেটি খুব বেশিদিন টেকেনি। এটি নিয়েও তাকে কটাক্ষ করেন রুবিও।
তিনি বলেন, অভিবাসন নিয়ে কড়া কথা বললেও আবাসন ব্যবসায়ী ট্রাম্পের আবাসন প্রকল্পগুলোতে আমেরিকানদের চেয়ে বিদেশি কর্মী বেশি।
আমেরিকানদের বাদ দিয়ে বিদেশিদের এই নিয়োগ নিয়ে ট্রাম্পের সমালোচনা করেন রুবিও।
জবাবে ট্রাম্প বলেন, “আমি কয়েক হাজার মানুষকে নিয়োগ দিয়েছি। আর আপনি কাউকে নিয়োগ করতে পারেননি।”
ক্রুজকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, “এই ব্যক্তি একজন মিথ্যাবাদী।”জবাবে ক্রুজ বলেন, “কাউকে মিথ্যাভাবে মিথ্যাবাদী হিসেবে অভিযুক্ত করাও একটি মিথ্যা। ডোনাল্ড দিনের পর দিন এই কাজই করে আসছেন।”
অবৈধ শ্রমিকদের বিতাড়িত করা এবং মুসলিমদের যুক্তরাষ্ট্র ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা বলে ভীষণভাবে সমালোচিত হয়েছেন ট্রাম্প। এরপরও প্রাইমারিতে টানা জয় তার জনপ্রিয়তার ইঙ্গিতই দিচ্ছে।
‘সুপার টুয়েসডে’তে যে রাজ্যগুলোতে প্রাইমারির ভোট হবে মতামত জরিপে তার ১০টিতেই এগিয়ে আছেন ট্রাম্প। অন্যদিকে, মোট প্রতিনিধিদের এক-তৃতীয়াংশের সমর্থন পেলেই চলবে তার।
এখন পর্যন্ত রিপাবলিকান দলের ৮২ প্রতিনিধি ট্রাম্পকে সমর্থন দিয়েছেন। ক্রুজ ও রুবিওর পক্ষে রয়েছেন যথাক্রমে ১৭ ও ১৬ জন।
প্রেসিডেন্ট পদে দলীয় মনোনায়ন পেতে হলে রিপাবলিকান প্রার্থীদের ১২৩৭ জন প্রতিনিধির সমর্থন পেতে হবে।
অন্যদিকে, ‘সুপার টুয়েস’ডে তে ডেমোক্রাট দলের হিলারি ক্লিন্টন ও বার্নি স্যান্ডার্স ১০০৪ প্রতিনিধির সমর্থন পাওয়ার জন্য লড়াই করবেন।
হিলারি ও স্যান্ডার্স এরই মধ্যে যথাক্রমে ৫০৫ জন ও ৭১ জন ডেলিগেটের সমর্থন পেয়েছেন।
৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। জুলাইয়ের মধ্যে প্রত্যেক দলকে তাদের প্রেসিডেন্ট পদপ্রার্থী চূড়ান্ত করতে হবে।
