২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবের ওপর ইইউ অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান

সৌদি আরবের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Feb 2016, 10:35 PM

Updated : 12 Apr 2022, 01:30 AM

সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের লড়াইয়ে বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ থাকায় দেশটির কাছে অস্ত্র বিক্রি করা যুক্তরাজ্য, ফ্রান্স এবং অন্যান্য ইইউভুক্ত দেশগুলোর আর উচিত হবে না- বলছেন, ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতারা।

সৌদি আরবের ওপর অস্ত্রবাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দেওয়া ইইউ আইনপ্রণেতারা জানিয়েছেন, সৌদি আরব গতবছর মার্চ মাসে ইয়েমেনে সামরিক অভিযান শুরুর পর থেকে যুক্তরাজ্য দেশটিতে তিনশ’ কোটি ডলারেরও বেশি অর্থের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে।

জাতিসংঘের হিসাবমতে, সৌদি আরব ইয়েমেনে যুদ্ধ শুরুর পর থেকে সেখানে প্রায় ৬ হাজার মানুষ নিহত হয়েছে। এদের প্রায় অর্ধেকই বেসামরিক নাগরিক।

ইউরোপীয় পার্লামেন্ট ইয়েমেনে মানবিক পরিস্থিতির ভিত্তিতেই ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে।

ইইউ পার্লামেন্টে সৌদি আরবের বিরুদ্ধে ভোটাভুটির প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়া ব্রিটিশ মধ্য-বাম আইনপ্রণেতা রিচার্ড হোওইট বলেন, “বিষয়টি ইয়েমেন নিয়ে। মানবাধিকার লঙ্ঘন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে তাতে বোঝা যাচ্ছে, ইউরোপ এ ব্যাপারে ব্যবস্থা নিতে এবং সৌদি আরবে অস্ত্র বিক্রির অবসান ঘটাতে বাধ্য।”

ইইউ পার্লামেন্টের ভোটের ফল মেনে নেওয়ার কোনও আইনি বাধ্যবাধকতা না থাকলেও আইনপ্রণেতারা আশা করছেন, অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়ে ৭ লাখ ৫০ হাজার ইউরোপীয় নাগরিকের আবেদনে সাড়া দিয়ে ইইউভুক্ত দেশগুলোর সরকার সৌদি আরবের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে রাজি হবে।

সৌদি আরবেই বেড়ে ওঠা স্কটিশ বংশোদ্ভুত আরেক ব্রিটিশ ইইউ আইনপ্রণেতা আলিন স্মিথও ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মঘারিনির কাছে সৌদি আরবে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জন্য লিখিত আবেদন জানিয়েছেন।

তবে ইইউ সৌদি আরবের ওপর কোনওরকম নিষেধাজ্ঞা আরোপ করলেই তা যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে যাবে। কারণ, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতবছর ইরানের সঙ্গে পরমাণু চুক্তি সইয়ের পর সৌদি আরবের সামরিক শক্তি বাড়াতে সহায়তা করার নীতি নিয়েছেন।

আর ইউরোপে সৌদি আরবকে অস্ত্র বিক্রি করে প্রধানত যুক্তরাজ্য এবং ফ্রান্স। তবে জার্মানিও গত বছর প্রথম ছয়মাসে সৌদি আরবে প্রায় ২ কোটি ডলারের অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছে।

ইউরোপীয় পার্লামেন্টে ভোটের জবাব সৌদি আরব দিতে পারে বলে সতর্ক করেছেন ইইউ আইনপ্রণেতারা।

ব্রিটিশ আইনপ্রণেতা রিচার্ড হোওইট বলেছেন, সৌদি আরব সম্পর্ক ছিন্ন করতে পারে বলে তাকে জানিয়েছে। তবে তিনি বলেন, অস্ত্র নিষেধাজ্ঞা এড়াতে চাইলে চটজলদি সমাধান হচ্ছে ইয়েমেনে লড়াই বন্ধ করা।