২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় বিমান থেকে ফেলা হল জাতিসংঘের ত্রাণ

সিরিয়ার বেসামরিক মানুষদের সহায়তার জন্য প্রথমবারের মতো বিমান থেকে ত্রাণ সামগ্রী ফেলেছে জাতিসংঘ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 11:06 AM

Updated : 12 Apr 2022, 01:30 AM

বিবিসি বলছে, ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের দ্বারা অবরুদ্ধ দেশটির পূর্বাঞ্চলীয় শহর দেইর আল-জোওর শহরে এসব নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ফেলা হয়।

জাতিসংঘের ত্রাণ প্রধান স্টিফেন ও’ব্রেইন জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেন, বিমান থেকে ২১ টন সামগ্রী শহরটির সরকার নিয়ন্ত্রিত অংশে ফেলা হয়েছে।

ও’ব্রেইন আরও বলেন, প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, নির্ধারিত লক্ষ্যেই ত্রাণ সামগ্রী পৌঁছেছে।

জাতিসংঘ বলছে, দেইর আল-জোওর প্রায় ২ লাখ মানুষ অবরুদ্ধ হয়ে রয়েছেন।

সিরিয়ার অবরুদ্ধ শহরগুলোর বাসিন্দারা মানবেতর জীবনযাপন করছেন। তাদের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে।

গেল সপ্তায় জাতিসংঘ ও অন্যান্য ত্রাণ সংস্থা সিরীয় সরকারের সহায়তায় দেশটির বিভিন্ন অঞ্চলে সড়ক পথে ১০০ ট্রাক-লরি বোঝাই ত্রাণ পাঠাতে সক্ষম হয়। কিন্তু দেইর আল-জোওরে তা সম্ভব হয়ে ওঠেনি।

সাধারণত সড়ক পথকেই ত্রাণ সরবরাহের জন্য কার্যকর ও উপযুক্ত বিবেচনা করলেও দেইর আল-জোওরে আকাশপথে ত্রাণ পাঠাতে বাধ্য হয় এই বিশ্ব সংস্থাটি।

দেশটিতে বিভিন্ন শহরে অবরুদ্ধ মানুষের সংখ্যা ৪ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ মানবেতর জীনবযাপন করছেন।