‘কোলনে নিপীড়নকারীদের অনেককেই ধরা যাবে না’
জার্মানির কোলনে বর্ষবরণ উৎসবে নারীদের ওপর যৌন নিপীড়নকারীদের অধিকাংশকেই হয়ত কখনই ধরা সম্ভব হবে না বলে হতাশা প্রকাশ করেছেন নগর পুলিশ প্রধান ইয়গুন মাটিস।
বিবিসি’কে তিনি বলেন, “ ধারণকৃত সিসিটিভি ফুটেজ যৌন নিপীড়কদের সনাক্ত করার জন্য যথেষ্ট ভাল নয়। আমরা কয়েকজন চোরকে সনাক্ত করতে পেরেছি মাত্র। আমাদেরকে প্রত্যক্ষদর্শী ও যৌন হামলার শিকার ব্যক্তিদের তথ্যের উপর ভিত্তি করে যৌন নিপীড়কদের ধরার চেষ্টা করতে হচ্ছে।”
পুলিশ এখন পর্যন্ত বর্ষবরণ উৎসবে কোলন জুড়ে চুরি ও যৌন নিপীড়নের ঘটনায় জড়িত সন্দেহে ৭৫জনকে সনাক্ত করেছে। এছাড়া, ওইদিন এক নারীর কাছ থেকে মোবাইল ফোন চুরির অভিযোগে মরক্কোর ২৩ বছর বয়সী এক তরুণ দোষী সাব্যস্ত হয়েছে।
ওই তরুণের নাম ইউনুস এ। তাকে ছয় মাসের স্থগিত কারাদণ্ড এবং একশ ইউরো জরিমানা করা হয়েছে।
চুরির অভিযোগে মরক্কো ও তিউনিসিয়ার দুই তরুণের বিচার চলছে। আরও ১০জনকে চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
যৌন নিপীড়নের অভিযোগে শুধুমাত্র ২৬ বছর বয়সী আলজেরিয়ার এক তরুণকে আটক করা হয়েছে।
ওদিকে, অন্য একটি তদন্ত প্রতিবেদনে বলা হয়, ওইদিন কোলন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও বাহিনী না ডেকে এবং উপস্থিত জনতাকে সঠিক অবস্থা বর্ণনা না করে ‘মারাত্মক ভুল’ করেছে।
