গেইম অব থ্রোনসে ডোনাল্ড ট্রাম্প!
জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘গেইম অব থ্রোনস’ এর একটি ব্যাঙ্গাত্মক ভিডিওতে ‘হাজির হয়েছেন’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প, যা ইউটিউবে সাড়া ফেলে দিয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এবিসি (অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন) টিভির ‘ইনসাইডার শো’ অনুষ্ঠানের জন্য বানানো ওই ভিডিওতে মূল টিভি সিরিজের দৃশ্যে ট্রাম্পের মুখ ও তার সত্যিকারের উক্তি জুড়ে দেওয়া হয়েছে। আর এই কর্মটি ঘটিয়েছেন অস্ট্রেলিয়ার পলিটিক্যাল স্যাটায়ারিস্ট হু পার্কিনসন।
আড়াই মিনিটের ওই ভিডিও দুই লাখেরও বেশিবার দেখা হয়েছে ইউটিউবে; ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যমেও।
মেরিডিথ ডন নামের এক ইউটিউব ব্যবহারকারী মন্তব্যে লিখেছেন, “নোঙরা রাজনীতি, জাতিতে জাতিতে উত্তেজনা আর ক্ষমতার লিপ্সা- গেইম অব থ্রোনসের জন্য এক্কেবারে মানানসই চরিত্র ট্রাম্প।”
আরেক ব্যবহারকারী গিলিয়ান ওয়ালশ লিখেছেন, ‘ট্রাম্পের রাজনৈতিক অবস্থান গেইম অব থ্রোনসের মতোই সহিংস। আমি কি কেবল একাই ভয় পাচ্ছি?”
ডোনাল্ড ট্রাম্পকে এ সিরিজের অন্যতম খলচরিত্র ‘জোফ্রে’র সঙ্গেও তুলনা করেছেন কেউ কেউ।
“ট্রাম্প আসলে সাবালক জোফ্রে”, বলেন এক ব্যবহারকারী।
ভিডিওর শুরুতে ট্রাম্পকে সিরিজের অন্যতম প্রধান চরিত্র দায়েনেরিস তারগারিয়েন এবং তার অনুসারীদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে দেখা যায়। দায়েনেরিস চরিত্রে অভিনয় করছেন ব্রিটিশ অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক।
মাদার অব ড্রাগন (তারগারিয়েন) যখন তার অনুসারীদের জন্য ‘রাজ্যের ফটক খুলে দিতে’ অনুরোধ জানান, তখন ট্রাম্পের মুখ দিয়ে বলানো হয়, “আমাদের নিজেদেরই অনেক সমস্যা আছে, আমরা আর মুর্খের দেশ হয়ে থাকতে পারি না।”
পোপ ফ্রান্সিসের সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক বাহাসের বিষয়টিও উঠে এসেছে ‘উইন্টার ইজ ট্রাম্পিং’ ভিডিওতে, যেখানে সমালোচকদের এক হাত নিতে দেখা যায় এই নিউ ইয়র্কের এই ব্যবসায়ীকে।
ভিডিওতে দেখা যায়, ট্রাম্প তার পর্ষদকে বলছেন-“পোপ মেক্সিকোতে গিয়ে আমার বদনাম করেছেন। অথচ ডোনাল্ড ট্রাম্প একজন চমৎকার মানুষ।”
অবৈধ অভিবাসীদের ঠেকাতে ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার কথা বলায় গত সপ্তাহে তার ধর্ম বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলেন পোপ ফ্রান্সিস।
মেক্সিকো সফরে থাকা পোপ বলেন, যে লোক সেতু না বানিয়ে দেয়াল তোলার কথা সব সময় ভাবে, সে খ্রিস্টান নয়। পরে নির্বাচনী প্রচরের এক সভায় পোপের বক্তব্যের সমালোচনা করেন ট্রাম্প।
ভিডিওর আরও একটি অংশে দেয়াল নির্মাণের প্রসঙ্গ এসেছে, যেখানে ট্রাম্প নৈশ প্রহরীদের মাঝে উপস্থিত হয়ে বলতে থাকেন, ‘অনাহুতদের বাইরে’ রাখতে দেয়াল কতো জরুরি।
“আমাদের কোনো সীমান্ত নেই, আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। বানের জলের মতো মানুষ ভেসে আসছে, আমাদের একটি দেয়াল বানাতে হবে, এবং সেটি বানাতে হবে দ্রুত।”
অতিপ্রাকৃত ক্ষমতার ‘হোয়াইট ওয়াকার’রা যেন ভেতরে আসতে না পারে সেজন্য নাইট ওয়াচরা বছরের পর বছর ধরে বিশাল ওই দেয়াল পাহারা দিচ্ছেন- সিরিজে এমনটাই দেখানো হয়েছে।
হু পার্কিনসনের কারিগরিতে বাস্তবের আবাসন ব্যবসায়ী ট্রাম্পকে ওই ভিডিওতে বলতে শোনা যায়, “সবচেয়ে বড় নির্মাতা আমি। আমি এমন এক দেয়াল বানাবো, যা আগে কখনো কেউ দেখেনি।
“সেই দেয়ালে থাকবে বড়সড় এক দরজা। সেখান দিয়ে মানুষ এই দেশের আসতে পারবে। তবে অবশ্যই তাদের বৈধ উপায়ে আসতে হবে।”
