শরণার্থী শিশুটিকে ফেরত পাঠাবে অস্ট্রেলিয়া
এক বছর বয়সের শরণার্থী শিশু আশা। সমুদ্রে ভেসে ওঠা আয়লান কুর্দির পর আলোড়ন সৃষ্টিকারী এ মেয়ে শিশুটিকে তার মায়ের সঙ্গে নাউরু দ্বীপের আশ্রয়কেন্দ্রেই পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার।
অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থী শিশু আশা দেশটির নাউরু দ্বীপে অবৈধ অভিবাসীদের কয়েদখানার মতো শিবিরে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হওয়ার পর তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ব্রিসবেনের একটি হাসপাতালে।
বিবিসি জানায়,কয়েকদিন শরীরে গুরুতর পোড়া ক্ষতের চিকিৎসা নেওয়ার পর মাত্রই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আশা। কর্তৃপক্ষ এখন তাকে নাউরু দ্বীপে ফেরত পাঠাতে চাইলেও এতে আপত্তি তুলেছেন ডাক্তারারা।
বাসযোগ্য পরিবেশের নিশ্চয়তা না পেলে ডাক্তাররা শিশুটিকে ছাড়পত্র দিতে রাজি নন। তাদের সমর্থনে হাসপাতালটির বাইরেও বিক্ষোভ করছেন অনেকে। তারা বলছেন,অস্ট্রেলিয়ার মানুষের মন খোলা হওয়া দরকার।
তবে অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী পিটার ডাটন বলছেন, “শিশুটিকে অভিবাসনের সুযোগ দিলে, আশ্রয়প্রার্থীদের এই ভুল বার্তা দেয়া হবে যে, হাসপাতালের মাধ্যমেঅস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাওয়া যাবে। শিশুটিকে নাউরুতে ফেরত পাঠিয়ে আমরা এটিই বলতে চাই যে, অবৈধদের আমরা চিকিৎসা দিতে পারি, নাউরুতে ফেরত পাঠাতে পারি, কিন্তু অস্ট্রেলিয়ায় তাদের জায়গা হবে না।”
স্থানীয় একটি গণমাধ্যমে তিনি বলেন, “যদি আপনি অস্ট্রেলিয়ার কোনো হাসপাতালে চিকিৎসা করানোর সুযোগ পান এবং এর মাধ্যমে অস্ট্রেলিয়ার নাগরিক হওয়ার ফর্মুলা খোঁজেন তবে সেটা ভুল হবে। আমরা মানবপাচারকারীদের এ সুযোগ নিতে দেব না।”
“আমার আর কিছু জানার দরকার নেই। প্রয়োজনে চিকিৎসা সেবা দেওয়া হবে এবং চিকিৎসা শেষ হওয়ার পর অভিবাসন প্রত্যাশীদের ফিরে যেতে হবে।”
অস্ট্রেলিয়া সাগরপথে আসা শরণার্থীদের আটকানোর পর তাদের নাউরু দ্বীপে স্থানান্তর করে। শরণার্থীর স্রোত সামলাতে গোটা ইউরোপ যখন হিমশিম তখনও বহুবছরেরবিতর্কিত এ নীতি বহাল রেখেছে দেশটি। ‘বেবি আশা’ নামে পরিচিতি পাওয়া এ শিশুটিকে ফেরত পাঠানো নিয়ে সমালোচনার ঝড় উঠলেও অবস্থান বদলাতে রাজি নয় সরকার।
