২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাউথ ক্যারোলাইনায় ট্রাম্প, নেভাডায় হিলারির জয়

যুক্তরাষ্ট্রে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট মনোনয়ন দৌড়ে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, অপরদিকে নেভাডা অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক দলীয় প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন শক্ত প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সকে হারিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Feb 2016, 11:08 AM

Updated : 11 Oct 2022, 07:48 PM

শনিবার সাউথ ক্যারোলাইনার ককাসে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে চতুর্থ হয়েছেন ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ।

এর পর বুশ পরিবার থেকে তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন জলাঞ্জলি দিয়ে নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

অঙ্গরাজ্যের রাজধানী কলম্বিয়ায় আবেগাক্রান্ত বুশ বলেন, “আইওয়া, নিউ হ্যাম্পশায়ার এবং সাউথ ক্যারোলাইনার লোকজন তাদের মতামত জানিয়েছেন, আমি তাদের সিদ্ধান্তের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল।”

এই জয়ে ট্রাম্প ও হিলারি নিজ নিজ দলীয় প্রেসিডেন্ট মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা প্রার্থী হিসেবে নিজেদের অবস্থান সংহত করলেন। চলতি বছর নভেম্বরের ৮ তারিখে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। 

সাউথ ক্যারোলাইনা ও নিউ হ্যাম্পশায়ারে জয় পেয়েছেন ট্রাম্প। ১ মার্চ ভোটাভুটি হতে যাওয়া পরবর্তী ১১টি অঙ্গরাজ্যেও তিনি এগিয়ে আছেন। এতে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট মনোনয়ন দৌড়ে তিনি জয়ের পথে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সাউথ ক্যারোলাইনায় রিপাবলিকান সমর্থকদের ভোটাভুটি শেষ হওয়ার এক ঘন্টার মধ্যেই ৬৯ বছর বয়সী ট্রাম্পকে বিজয়ী ঘোষণা করা হয়।

খুব সহজেই তিনি প্রতিদ্বন্দ্বী ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিয়ো ও টেক্সাসের সিনেটর টেড ক্রুজকে পরাজিত করেন। তবে দ্বিতীয় স্থান নিয়ে রুবিয়ো ও ক্রুজের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।

৭৩ শতাংশ ভোটের ঘোষিত ফল অনুযায়ী ট্রাম্প পেয়েছেন ৩৩ দশমিক এক শতাংশ সমর্থন, রুবিয়ো ২২ দশমিক তিন শতাংশ এবং ক্রুজ ২১ দশমিক সাত শতাংশ।

অপরদিকে নেভাডায় ঘোষিত ৮৭ শতাংশ ভোটের মধ্যে হিলারি ৫২ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। কিন্তু প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্সও তেমন পিছিয়ে ছিলেন না, তিনি পেয়েছেন ৪৭ দশমিক চার শতাংশ ভোট।

এক সময় মনোনয়ন দৌড়ে হিলারি অনেক এগিয়ে থাকলেও দিন গড়ানোর সঙ্গে সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন স্যান্ডার্স। এতে ডেমোক্রেটিক দলীয় মনোনয়ন দৌড় অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে ও দীর্ঘ সময় ধরে চলবে বলে ধারণা করা হচ্ছে।