শক্তিশালী ঘূর্ণিঝড় উইনস্টনের কবলে ফিজি
প্রশান্ত মহাসাগরের দেশ ফিজির প্রধান দ্বীপ ভিতি লেভু তে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় উইনস্টন।
ঘণ্টায় ৩২০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে ফিজির ওপর দিয়ে। ঝড়ের সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। উত্তাল সাগরের বড় বড় ঢেউ ফিজি উপকূলে আছড়ে পড়ছে।
সাইক্লোন উইনস্টনের কারণে ফিজির সব ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশ জুড়ে জারি করা হয়েছে কারফিউ। লোকজনকে বিপজ্জনক এলাকা থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ।
৫ ক্যাটাগরির সবচেয়ে ভয়াবহ এই ঝড় শনিবার পেরিয়ে রোববারও স্থায়ী থাকবে এবং রোববার সকালে ঝড়টি প্রধান দ্বীপ থেকে পশ্চিমের দিকে সরে যাবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
দেশটির প্রধানমন্ত্রী ফ্রাংক বাইনিমারমা দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে একে অপরকে সাহায্য করার মধ্য দিয়ে এবং সতর্ক থেকে দুর্যোগ মোকাবেলার আহবান জানিয়েছেন।
ফিজিতে বাস করে ৯ লাখ মানুষ। ঝড়ের কারণে দেশটির পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেয়া হয়েছে।
