২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত ৪০

লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় সবরাথা শহরে জঙ্গি বিমান হামলায় ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2016, 06:16 PM

Updated : 12 Apr 2022, 01:27 AM

পশ্চিমা এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকা বলেছে, যুক্তরাষ্ট্রের জঙ্গিবিমান এ হামলা চালিয়েছে। শহরের কাসর তালিল এলাকায় বাড়িঘরের ওপর এ বিমান হামলা হয়। এতে ৪১ জন নিহত হওয়া ছাড়াও ৬ জন আহত হয়েছে বলে জানান তিনি।

সবরাথা শহরটি তিউনিসিয়া সীমান্তের কাছে। আর এ এলাকার কিছু অংশে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের উপস্থিতি থাকার কথাও জানিয়েছেন পশ্চিমা কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের জঙ্গি বিমান শুক্রবার লিবিয়ার আইএস এর শিবিরগুলোতে দলটির ঊর্ধ্বতন এক সদস্যকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। এক পশ্চিমা কর্মকর্তা সিএনএন কে একথা জানিয়েছেন।

গতবছর তিউনিসিয়ার মিউজিয়াম এবং পর্যটন হোটেলের সৈকতে হামলা চালানো বন্দুকধারী লিবিয়ার জঙ্গি প্রশিক্ষণ শিবিরগুলোতেই প্রশিক্ষণ নিয়েছিল। আইএস ওই হামলার দায় স্বীকার করে।

তিউনিসিয়ায় গতবছরের সেই হামলার সঙ্গে জড়িত এক ঊর্ধ্বতন তিউনিসীয় জঙ্গিকে লক্ষ্য করেই লিবিয়ায় শুক্রবারের জঙ্গি বিমান হামলাটি চালানো হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ওই কর্মকর্তা।