২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগাছা আতঙ্কে অস্ট্রেলিয়ার ওয়ানগারাত্তাবাসী

ঘুম থেকে জেগে দেখলেন বাড়ি ছেয়ে গেছে অদ্ভুত এক ঘাস জাতীয় আগাছায়। এমনকি ঘরের ভেতরেও। কি প্রতিক্রিয়া হবে আপনার? অস্ট্রেলিয়ার ছোট্ট শহর ওয়ানগারাত্তাবাসীদের  প্রতিদিনই এ দৃশ্য দেখতে হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 09:16 PM

Updated : 12 Apr 2022, 01:27 AM

ভিক্টোরিয়ার উত্তরপূর্বে ওয়ানগারাত্তা শহর। কিছুদিন ধরেই আতঙ্কে আছেন এখানকার বাসিন্দারা। সকালে ঘুম থেকে উঠেই তারা দেখছেন চারদিক বাদামী ঘাসের ওই আগাছায় ঢাকা পড়েছে। লম্বা আর ঘন এ ঘাস এমনভাবে ছেয়ে যাচ্ছে যে দরজা জানালা খোলারও উপায় থাকছে না।

মরুউদ্ভিদ জাতীয় এ ধরনের আগাছা অস্ট্রেলিয়ায় ‘হেয়ারি প্যানিক’ নামে পরিচিত।

ঘরবাড়ি আগাছামুক্ত করতে প্রতিদিন কয়েক ঘণ্টা সময় ব্যয় করতে হচ্ছে বাসিন্দাদের। ঘরের ভেতর গজিয়ে ওঠা আগাছা ছাদও স্পর্শ করেছে।

গোটা শহর ভরে যাচ্ছে আগাছায়। সাধারণত চরম শুষ্ক আবহাওয়ায়  আগাছাগুলো দ্রুত বাড়ে। ফলে প্রতিদিনই তা শহরের বাড়িঘর চারদিক দিয়ে ছেয়ে ফেলছে। বাসিন্দারা প্রতিদিন কয়েক ঘণ্টা করে আগাছা পরিষ্কার করেও কুল-কিনারা করে উঠতে পারছে না।

শহরের বাসিন্দা প্যাম টুইটচেট স্থানীয় একটি গণমাধ্যমকে বলেন, “প্রতিদিন আগাছা পরিষ্কার করতে গিয়ে আমরা শারীরিক এবং মানসিক দু’দিক দিয়েই পরিশ্রান্ত হয়ে পড়ছি।”

অস্ট্রেলিয়ার প্রায় সবজায়গায় এ আগাছা আছে। এটি খুবই ভয়ানক। কাঁচা অবস্থায় এটি বিষাক্ত এবং গৃহপালিত পশুর মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু শুকানোর পর এটি আর বিষাক্ত থাকে না বলে বিবিসি’কে জানিয়েছেন পশু চিকিৎসক রিচার্ড ইভান্স।

তিনি বলেন, “গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি মানুষের পোষা কুকুর বা বিড়ালকে হত্যা করছে না। এটি শুধু সর্বত্র জগাখিচুড়ি পাকিয়ে পুরো এলাকা বসবাসের অযোগ্য করে তুলছে।”

স্থানীয় কর্তৃপক্ষও আগাছাটি পরিষ্কারে বাসিন্দাদের কোনো  সাহায্য করতে পারছে না। কারণ আগুনে পুড়িয়ে এটি শেষ করা সম্ভব নয়।