আঙ্কারা হামলায় সিরীয় কুর্দীদের দায়ী করেছে তুরস্ক
তুরস্কের রাজধানী আঙ্কারায় গাড়িবোমা বিস্ফোরণে ২৮ জন নিহতের ঘটনায় সিরিয়ার কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াদের দায়ী করেছেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু।
তিনি বলেছেন, ওয়াইপিজি যোদ্ধারা তুরস্কে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) জঙ্গিদের সঙ্গে যোগসাজশে ওই বোমা হামলা চালিয়েছে।
তিনি বোমা হামলাকারীর নাম সালিহ নেসার বলে উল্লেখ করেন। সে সিরীয় নাগরিক এবং সিরিয়ান কুর্দিস পিপলস প্রোটেকশন ইউনিটস (ওয়াইপিজি) এর একজন সদস্য।
দাভুতগলু আরও বলেন, “আঙ্কারায় হামলার সঙ্গে ওয়াইপিজি’র সরাসরি সম্পর্ক খুঁজে পাওয়া গেছে। তারা তুরস্কের মাটিতে থাকা পিকেকে জঙ্গিদের কাছ থেকে সাহায্য-সহযোগিতা নিয়ে ওই হামলা চালিয়েছে।”
তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ানও বলেছেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, হামলায় সিরীয় কুর্দি মিলিশিয়ারা এবং পিকেকে জড়িত। ১৪ জন আটক হয়েছে বলেও জানান তিনি।
তুরস্ক ওয়াইপিজি মিলিশিয়াদেরকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসাবেই দেখে। কিন্তু যুক্তরাষ্ট্রসহ তুরস্কের অন্যান্য মিত্র দেশ ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে ওয়াপিজি’ কে সমর্থন দিচ্ছে।
দভুতগলু বলেছেন, আঙ্কারায় বোমা হামলাই প্রমাণ করেছে ওয়াইপিজি সন্ত্রাসী গোষ্ঠী। আর সেকারণে তাদের ওপর হামলা চালানোর জন্য মিত্রদেশগুলোর কাছ থেকে সহযোগিতাই আশা করছেন তিনি।
হামলায় আহত একজনকে দেখতে হাসপাতালে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান।
ইরাকের পাশাপাশি সিরিয়ার ওয়াইপিজি অবস্থানগুলোতেও অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে তুর্কি সশস্ত্র বাহিনী। আঙ্কারায় হামলার জন্য দায়ীদের ‘মূল্য দিতে হবে’ বলে জানিয়েছেন দাভুতগলু।
গত বুধবার রাতে তুরস্কের পার্লামেন্ট ভবন ও সেনা সদর দপ্তরের কাছে বিস্ফোরণ ঘটে। সেনা সদস্যদের বহনকারী একটি বাস পাশ দিয়ে যাওয়ার সময় বিস্ফোরকে বোঝাই একটি গাড়িতে এ বিস্ফোরণ ঘটানো হয়। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক।
টেলিভিশনে এক বক্তব্যে তুর্কি প্রধানমন্ত্রী বলেছেন, “এ হামলা সরাসরি তুরস্ককে লক্ষ্য করেই চালানো হয়েছে। দুস্কৃতকারীরা হচ্ছে ওয়াইপিজি এবং পিকেকে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থাই গ্রহণ করা হবে।”
তবে ওয়াইপিজি এবং পিকেকে দুইই আঙ্কারার হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
একইদিনে তুরস্কের দক্ষিণ-পূর্বে একটি সামরিক গাড়িবহরে আরেকটি বোমা হামলার খবর পাওয়া গেছে। এতে নিহত হয়েছে কমপক্ষে ৬ জন। দিয়ারবাকির এবং বিঙ্গোল শহরের মাঝের মহাসড়কে এ বোমা বিস্ফোরণ হয়।
