২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়াদ শেষের আগেই বিচারপতি নিয়োগ দেবেন ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সুপ্রিম কোর্টে নতুন বিচারপতি মনোনয়নের কাজ তার উত্তরসূরির কাছে রেখে যাওয়ার আহ্বান প্রত্যাখ্যান করে নিজ সিদ্ধান্তে অবিচল মনোভাব জানিয়ে দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 09:12 PM

Updated : 12 Apr 2022, 01:26 AM

নতুন বিচারপতি নিয়োগকে কেন্দ্র করে সিনেটের রিপাবলিকানদের সঙ্গে  তীব্র কোন্দলের মধ্যেই ওবামা তার অভিমত স্পষ্ট করলেন।

গত শনিবার সুপ্রিম কোর্টের ‘রক্ষণশীল’ হিসাবে পরিচিত বিচারপতি স্কালিয়ার আকস্মিক মৃত্যুর পর দুই রাজনৈতিক শিবিরে বিতর্ক সৃষ্টি হয়।

প্রেসিডেন্ট ওবামা শিগগিরই শূন্যপদ পূরণের উদ্যোগ নিতে চান। কিন্তু তার উত্তরসূরি দায়িত্ব না নেওয়া পর্যন্ত নতুন বিচারপতি নিয়োগের তীব্র বিরোধিতার হুমকি দেয় রিপাবলিকানরা।

তাদের এ হুমকি অগ্রাহ্য করে ওবামা সোমবার বিচারপতি নিয়োগ নিয়ে তার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন। আর মঙ্গলবার তিনি স্পষ্ট করে বললেন, সংবিধান অনুযাযয়ীই স্ক্যালিয়ার স্থলে যোগ্য একজন প্রার্থীকে মনোনীত করবেন তিনি এবং তারপর সিনেটের কাজ হবে সেটি সমর্থন অথবা প্রত্যাখ্যান করা।

রিপাবলিকানদের উদ্দেশে ওবামা বলেন, সিনেটররা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলেই তিনি আশা করেন।

ওবামা বলেন , সংবিধানে স্পষ্টভাবেই বলা আছে সুপ্রিম কোর্টে কোনও পদ শূন্য হওয়া মাত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট  সেখানেএকজনকে মনোনয়ন দেবেন। ফলে, শিগগিরিই নতুন বিচারপতি নিয়োগ করা তার সাংবিধানিক দায়িত্ব। সিনেট সেই প্রার্থীকে প্রত্যাখ্যান করতে পারে কিংবা সমর্থন করতে পারে।

ওবামা আরও বলেন, দেশে এমন কোনও আইন নেই যে, এই নিয়োগ পরবর্তী সরকারের জন্য রেখে যেতে হবে এবং এ বিষয়ে সংবিধানের কোনো নির্দেশনাও নেই। তাই নির্ধারিত সময়ের মধ্যেই  বিচারপতি নিয়োগের কাজটি সারতে চান তিনি।

কিন্তু যুক্তরাষ্ট্রের সিনেট রিপাবলিকানদের দখলে। আর   রিপাবলিকান সিনেটররা আগেভাগেই জানিয়ে দিয়েছে , তারা ওবামার মনোনীত প্রার্থীকে সমর্থন করবে না।