বিতর্কিত দ্বীপে ক্ষেপণাস্ত্র বসাল চীন
দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন। তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা একথা জানিয়েছেন।
বিবিসি জানায়, ১৪ ফেব্রুয়ারি উপগ্রহ থেকে তোলা ছবি প্রকাশ করেছে মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজ। এতে দেখা গেছে, চীন পারাসেল দ্বীপপুঞ্জের উডি দ্বীপে আটটি ক্ষেপণাস্ত্র লাঞ্চার এবং রাডার সিস্টেমের দুইটি ব্যাটারি মোতায়েন করেছে।
তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ডেভিড লো’ও বুধবার রয়টার্সকে বলেছেন, উডি দ্বীপে ক্ষেপণাস্ত্র ব্যাটারি মোতায়েন হয়েছে।
যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তাও দ্বীপটিতে ক্ষেপণাস্ত্র সংস্থাপনের বিষয়টি নিশ্চিত করেছেন।
পারাসেল দ্বীপপুঞ্জ ৪০ বছরেরও বেশি সময় ধরে চীনের নিয়ন্ত্রণে থাকলেও তাইওয়ান এবং ভিয়েতনামও এর নিয়ন্ত্রণ দাবি করে আসছে।
ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়ে বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, “আত্ম-রক্ষার জন্য প্রয়োজনীয় এবং সীমিত আকারে কিছু সুরক্ষা ব্যবস্থা দ্বীপ ও প্রবাল প্রাচীরের ওপর স্থাপন করা হয়েছে।এটি আত্ম-রক্ষার অধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী চীনের আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণের পূর্ণ অধিকার রয়েছে। একারণে আমাদের আত্ম-রক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করা উচিত হবে না।”
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “উল্লিখিত দ্বীপ ও প্রবালপ্রাচীরে অনেক বছর ধরেই সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন নতুন করে ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবর প্রকাশ গণমাধ্যমের প্রচারণা কৌশল ছাড়া আর কিছুই নয়।”
সম্প্রতি দক্ষিণ চীন সাগরে চীনের সেনা মহড়া এবং এর জবাবে নৌপরিবহনের স্বাধীনতার কথা বলে চীনের দাবিকৃত অঞ্চলে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ পাঠানো নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
দক্ষিণ চীন সাগর নিয়ে আঞ্চলিক দেশগুলোর বিরোধ দীর্ঘদিনের। এর মধ্যে বিতর্কিত দ্বীপে চীনের ক্ষেপণাস্ত্র মোতায়েন উত্তেজনা আরও বাড়াবে।
