২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেব বুশের প্রচারণায় জর্জ বুশ

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী জেব বুশের প্রচারণায় যোগ দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 12:23 PM

Updated : 12 Apr 2022, 01:26 AM

বিবিসি বলছে, সাউথ ক্যারোলাইনায় শনিবার অনুষ্ঠিতব্য প্রাইমারি ভোটাভুটির আগে সোমবার জেব বুশের নির্বাচনী সমাবেশে যোগ দেন বড়ভাই জর্জ ডব্লিউ বুশ।

ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ তার প্রচারণায় প্রচুর ব্যয় করলেও প্রয়োজনীয় প্রভাব সৃষ্টিতে ব্যর্থ হয়েছেন।

তিনি দলীয় মনোনয়নের দৌড়ে টেক্সাসের সিনেটর টেড ক্রুজ ও ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের কাছে যথাক্রমে আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারের প্রাথমিক ভোটাভুটিতে ধরাশায়ী হয়েছেন।

সুপরিচিত বুশ পরিবার জেব বুশের প্রেসিডেন্ট মনোনয়নের লড়াই থেকে দূরেই ছিল। গেল বছর জেব বুশ ধারণা দিয়েছিলেন, পরিবারের পরিচিতিতে নয় বরং একজন মানুষ হিসেবে তিনি নির্বাচনে লড়াই করবেন।

কিন্তু গেল সপ্তায় তার মা সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ বুশের স্ত্রী বারবারা বুশ জেব বুশের প্রতি সমর্থন জানান।

আর শনিবার জেব বুশের ভাই সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ বলেছেন, আমাদের নিরাপত্তার জন্য করণীয় সবকিছুই সে (জেব) করবে।

এরই মাঝে এক টেলিভিশন বিতর্কে সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের ওপর আক্রমণ চালিয়েছেন ট্রাম্প। তিনি বুশের অতীত কর্মকাণ্ডের ফিরিস্তি দিয়ে ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনেছেন, যা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার সৃষ্টি করেছে।

ট্রাম্প বলেন, “আমি আপনাদের বলতে চাই, তারা মিথ্যা বলছে। তারা বলেছিল, সেখানে ব্যাপক ধ্বংস চালানোর মতো অস্ত্র রয়েছে। কিন্তু সেখানে সেসবের কিছুই ছিল না। আর তারা তা জানতো।”

ট্রাম্প আরও বলেন, “বিশ্ব বাণিজ্য কেন্দ্র (টুইন টাওয়ার) আপনার ভাইয়ের শাসনামলেই ধ্বংস হয়েছিল, সেটা স্মরণ করুন।”

অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, সাবেক প্রেসিডেন্টকে আক্রমণ করার এই কৌশল ট্রাম্পের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ এখনো সাউথ ক্যারোলাইনায় রিপাবলিকানদের মধ্যে তার (জর্জ বুশ) বড় পরিসরে গ্রহণযোগ্যতা রয়েছে।