বিবাহিত নারীর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল পোপ জন পলের!
প্রয়াত পোপ দ্বিতীয় জন পলের সঙ্গে বিবাহিত এক নারীর ৩০ বছরের বেশি সময় ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দুইজনের মধ্যে আদান-প্রদান হওয়া শতাধিক চিঠি এবং একসঙ্গে তোলা ছবি সেকথাই বলছে।
বিবিসি ওই গোপন চিঠি ও ছবিগুলো প্রকাশ করেছে। চিঠিগুলো বিশ্লেষণ করে ওই নারীর সঙ্গে জন পলের আবেগপ্রবণ এক গভীর সম্পর্কেরই ধারণা পাওয়া যায়।
পোল্যান্ড বংশোদ্ভূত আমেরিকার দার্শনিক আনা-তেরেসা তাইমিনিয়েকাকে লেখা পলের চিঠিগুলো দীর্ঘ কয়েক বছর ধরে জনসাধারণের চোখের আড়ালে পোল্যান্ডের জাতীয় গ্রন্থাগারে সংরক্ষণ করে রাখা হয়েছিল।
তবে পোপ নিজের কৌমার্য ধরে রাখার প্রতিশ্রুতি ভেঙেছেন কিনা চিঠি থেকে সে সম্পর্কে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
২০০৫ সালে মারা যান পোপ জন পল (দ্বিতীয়)।
১৯৭৩ সালে পোপ জন পলের (দ্বিতীয়) সঙ্গে তাইমিনিয়েকার দেখা হয়। তখন তিনি পোপ নির্বাচিত হননি। আর্চবিশপ কার্ডিনাল ক্যারোল উইত্তেভা নামে পরিচিত ছিলেন তিনি।
ওই সময় দর্শনের ওপর তার লেখা একটি বই নিয়ে আলোচনার জন্য তাইমিনিয়েকা তার সঙ্গে দেখা করেন। এজন্য তাইমিনিয়েকা যুক্তরাষ্ট্র থেকে পোল্যান্ড যান।
অল্প সময়ের মধ্যে তারা পত্রবিনিময় শুরু করেন। শুরুতে তাদের চিঠিতে সাধারণ কথাবার্তা হত। পরে ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে এবং এক পর্যায়ে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়।
দর্শনের উপর লেখা পোপ জন পলের (দ্বিতীয়) বইয়ের পরবর্তী সংস্করণ ‘দ্য অ্যাক্টিং পার্সন’ নিয়ে তারা একসঙ্গে কাজ করা শুরু করেন।
দু’জন অনেকবার সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের সময় কখনও পোপ জন পলের সহকারী উপস্থিত থাকতেন। কখনও তারা কেবল দুজনই সময় কাটাতেন। ওই সময় তাদের মধ্যে পত্র বিনিময়ও বেড়ে যায়।
প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, পোপ জন পল (দ্বিতীয়) তাইমিনিয়েকাকে বিভিন্ন ছুটি তার সঙ্গে কাটানোর জন্য আমন্ত্রণ জানিয়েছেন। প্রচারণা অভিযানেও দেখা গেছে তাকে। এমনকি ভ্যাটিকানেও জন পলের সঙ্গে দেখা করেছেন তিনি।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে খ্রিস্টধর্মের ইতিহাস বিভাগের অধ্যাপক ইয়ামন ডুফি বলেন, “এখানে বিংশ শতকের মুষ্টিমেয় ক্ষমতাধর ব্যক্তিদের অন্যতম একজন যিনি ক্যাথেলিক খ্রিস্টানদের ধর্মগুরু ছিলেন, তার জীবন উঠে এসেছে। তিনি আকর্ষণীয় এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছিলেন।”
চিঠিতে তিমিনিসকাকে ‘গিফ্ট ফ্রম গড’ (ঈশ্বরের কাছ থেকে পাওয়া উপহার) বলে বর্ণনা করেন পোপ জন পল (দ্বিতীয়)।
বিবিসি যে চিঠিগুলো প্রকাশ করেছে তার সবগুলোই পোপ জন পলের লেখা। সেখানে তাইমিনিয়েকার লেখা কোনও চিঠি দেখা যায়নি।
ধারণা করা হচ্ছে, ২০০৮ সালে তাইমিনিয়েকা চিঠি ও ছবিগুলো পোল্যান্ডের জাতীয় গ্রন্থাগারের কাছে বিক্রি করে দেন। এর ছয় বছর পর তিনি মারা যান।
তাইমিনিয়েকার লেখা চিঠিগুলো তাদের কাছে আছে কিনা সে বিষয়ে পোল্যান্ডের জাতীয় গ্রন্থাগারের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি।
বিরল পান্ডুলিপির দালাল মার্শা মালিনোভিস্কি যার মাধ্যমে চিঠিগুলো বিক্রি করা হয়েছিল তিনি বলেন, সম্পর্কের শুরুতেই তাইমিনিয়েকা কার্ডিনাল উইত্তেভার প্রেমে পড়েছিলেন।
বিবিসি’কে তিনি বলেন, “আমার মনে হয় তাদের পরষ্পরকে লেখা চিঠিগুলোতেই তা স্পষ্ট প্রতীয়মান হয়েছে।”
