পাকিস্তানে ট্যাঙ্কার-গাড়ি সংঘর্ষে ৬ শিশুসহ নিহত ৯
পাকিস্তানের লাহোরে নানকানা সাহেব গ্রামের কাছে একটি তরল পেট্রোলিয়াম গ্যাসবাহী ট্যাঙ্কারের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষে ছয় শিশুসহ অন্ততপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে।
পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন বলছে, একজন পুলিশ কর্মকর্তা ও কনস্টেবল শিখুপুরা জেলার মানাওয়ালা পুলিশ লাইনের উদ্দেশে গাড়িতে করে যাচ্ছিলেন। পথে ট্যাঙ্কারের সঙ্গে তাদের বহনকারী গাড়িটির সংঘর্ষ হয়।
সংঘর্ষে ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায় এবং আশাপাশের দোকানেও সেই আগুন ছড়িয়ে পড়ে।
গাড়ি-ট্যাঙ্কারের সংঘর্ষের সময় ১০শিশু বহনকারী একটি যন্ত্রচালিত রিকশা পাশ দিয়ে যাওয়ার সময় তাতে আগুন ধরে যায়। এতে ছয়শিশু নিহত হয়।
হতাহতদের ফয়সালাবাদ ও লাহোরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের দেহগুলো মারাত্মকভাবে পুড়ে গেছে।
এই যন্ত্রচালিত রিকশাটিই ১০শিশুকে বহন করছিল। ছবি: ডন
শিখুপুরা জেলার জরুরি সংস্থার (ডিইও) কর্মকর্তা আজম বলেন, এ ঘটনায় মোট নয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে নাজুক সড়ক এবং ত্রুটিপূর্ণ গাড়ি সেই সঙ্গে বেপরোয়া ড্রাইভিং এর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
সরকারি হিসাব অনুযায়ী দেশটিতে ২০১৩ সালে সড়ক দুর্ঘটনায় ৪,৬০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
