২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তাইওয়ানের ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০০ ছাড়াতে পারে’   

তাইওয়ানে ভূমিকম্পের ৪৮ ঘন্টারও বেশি সময় পর বিধ্বস্ত ভবনের ধ্বংস্তূপের ভিতর থেকে আরো দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Feb 2016, 02:23 PM

Updated : 12 Apr 2022, 01:23 AM

সোমবার এ দুজনকে উদ্ধার করার পরও নিখোঁজের সংখ্যা ১০০ জনেরও বেশি রয়ে গেছে। এ পর্যন্ত ৩৭ জন নিহত হওয়ার নিশ্চিত খবর পাওয়া গেছে। 

ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলীয় শহর তাইনানের মেয়র মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। 

শনিবার চীনা চান্দ্র বর্ষের ছুটি শুরুর দিনটিতেই স্থানীয় সময় ভোর ৪টার দিকে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি হয়। নিহতদের অধিকাংশই তাইনানের ধসে পড়া ওয়েই গুয়ান গোল্ডেন ট্রায়াঙ্গল অ্যাপার্টমেন্ট ভবনের বাসিন্দা।

১৭তলা এ ভবনটির আরো ১১৭ জন বাসিন্দা নিখোঁজ রয়েছেন, তাই উদ্ধার অভিযানের মূল তৎপরতা এ ভবনটিকে ঘিরেই আবর্তিত হচ্ছে। ভবনটির নিখোঁজ বাসিন্দারা ধ্বংসস্তূপের অনেক নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

তাইনানের জনপ্রতিনিধি ওয়াং টিং য়ু সাংবাদিকদের জানিয়েছেন, তসাও ওয়েইলিং নামে এক নারীকে তার স্বামীর লাশের নিচে শায়িত অবস্থায় পাওয়া গেছে। তাদের দুই বছরের ছেলের লাশও কাছেই পড়ে ছিল।

পরে ধ্বংসস্তূপের নিচ থেকে লি তসাং তিয়ান নামের আরেক ব্যক্তিকে বের করে নিয়ে আসা হয়, তাইওয়ানের টেলিভিশন চ্যানেলগুলোতে এ উদ্ধার অভিযান সরাসরি সম্প্রচার করা হয়।

এক মন্দিরে নিহতদের শেষকৃত্যে উপস্থিত তাইনানের মেয়র উইলিয়াম লাই বলেন, “উদ্ধার অভিযান তৃতীয় পর্যায়ে রয়েছে।

“যাদের জীবিত উদ্ধার করা হয়েছে তাদের চেয়ে আরো অনেক বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে।”  

ধসে পড়া ১৭তলা ভবনের ধ্বংসস্তূপে উদ্ধারকারীদের বিরতিহীন তৎপরতার মধ্যেই অনেগুলো পরিবারের সদস্যরা ধ্বংস্তূপ ঘিরে দাঁড়িয়েছিলেন, নিখোঁজ আত্মীয়স্বজনের খবর পেতে উদগ্রীব হয়ে ছিলেন তারা।

তাইওয়ান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ৩৭ জনের মধ্যে ৩৫ জনই ওয়াই গুয়ান ভবনের বাসিন্দা ছিলেন। ভবনটি ১৯৯৪ সালে নির্মাণ করা হয়েছিল।