২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ড্রোন হামলায় আইএসের রেডিও স্টেশন ধ্বংস

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর একটি রেডিও স্টেশন ধ্বংস হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 02:57 PM

Updated : 12 Apr 2022, 01:21 AM

মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও আফগান কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের প্রত্যন্ত আচিন জেলায় আইএস পরিচালিত ‘খলিফার কণ্ঠস্বর’ নামে রেডিও স্টেশনটিতে ড্রোন বিমান ব্যবহার করে হামলা চালানো হয়।

গেল বছর থেকে আফগানিস্তানে কার্যক্রম শুরু করে আইএস। এরপর নতুন সদস্য সংগ্রহের জন্য এই রেডিও স্টেশনটি চালু করে।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে হামলাটি চালানো হয় বলে, জানিয়েছেন নানগারহার প্রদেশের মুখপাত্র আতায়ুল্লাহ খোজিয়ানি। 

এ সময় স্টেশনটি লক্ষ্য করে ড্রোন থেকে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে রেডিও স্টেশনটির পাশাপাশি একটি ইন্টারনেট নিয়ন্ত্রণ কেন্দ্র ও আইএসের অন্যান্য স্থাপনাও ধ্বংস হয় বলে জানিয়েছেন তিনি।

এসব হামলায় রেডিও স্টেশনটির পাঁচ অপারেটরসহ ২১ জন নিহত হয়েছেন বলে প্রকাশিত প্রতিবেদনগুলো থেকে জানা গেছে।  

‘খলিফার কণ্ঠস্বর’ স্টেশনটি থেকে পশতু, দারি ও আরবি ভাষায় অনুষ্ঠান প্রচার করা হত। এসব অনুষ্ঠানে সরকার বিরোধী প্রপাগাণ্ডা ও আইএসে যোগ দেওয়ার জন্য তরুণ আফগানদের প্রতি আহ্বান জানানো হত।

রেডিও আফগান জনগণের বিনোদন ও খবরের প্রধান উৎস। দেশটিতে ১৭০টিরও বেশি রেডিও স্টেশন আছে। 

আইএস জঙ্গিরা দেশটির সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করার পাশাপাশি তালেবান জঙ্গিদের সঙ্গেও লড়াই করছে।

আইএসের জঙ্গিরা স্থানীয় অনেক মানুষকেও হত্যা করেছে। প্রাণে বেঁচে ফিরে আসা মানুষেরা তাদের ভয়াবহ অত্যাচারের বিবরণ দিয়েছেন।