২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে তুষারপাতে আটকা পড়েছে লাখো মানুষ

চীনে ভারী তুষারপাতের কারণে গণপরিবহন ব্যবস্থা বিশেষ করে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে লাখো মানুষ আটকা পড়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 07:09 PM

Updated : 12 Apr 2022, 01:20 AM

পুলিশ জানায়, দক্ষিণের গুয়াংঝু রেল স্টেশনের বাইরে সোমবার রাতে প্রায় এক লাখ মানুষ আটকা পড়ে। বিশৃঙ্খলা এড়াতে সেখানে ৫২০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।

তারা যাত্রীদের ট্রেনের জন্য ‘অন্ধের মত স্টেশনে ভিড় না জমিয়ে’ অনলাইনে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবারও গুয়াংঝু স্টেশনে ৫০ হাজারের বেশি মানুষ আটকা পড়ে আছে।

চীনের মধ্যাঞ্চলে কয়েক বছরের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চীনা নববর্ষের সময়টিতে এমন তুষারপাত বিরল ঘটনা।

চীনা নববর্ষের নির্দিষ্ট কোনো তারিখ নেই। ২১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে যে কোনো একদিন নববর্ষ পালন করা হয়।

এ বছর ৮ ফেব্রুয়ারি চীনা নববর্ষ। দেশটিতে সাত দিন ধরে নববর্ষ উদযাপন করা হয়। নববর্ষ উপলক্ষ্যে চীনের লাখ লাখ মানুষ শেকড়ের টানে বাড়িতে ফেরে।

কিন্তু অপ্রত্যাশিত তুষারপাতের কারণে চীনের উত্তর ও মধ্যাঞ্চলে অনেক ট্রেন নির্দিষ্ট সময় ছেড়ে যেতে পারেনি। দক্ষিণাঞ্চলে অনেক ট্রেন মাঝপথে আটকে গেছে। কোনো পরিবহন না পাওয়ায় দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

এক বিবৃতিতে রেল কর্তৃপক্ষ জানায়, নববর্ষের সময় চীনে প্রায়  ৩০ কোটি মানুষ ট্রেনে যাতায়াত করে। যা বিশ্বের সর্বোচ্চ।

সড়ক পথেও যানজট সৃষ্টি হয়েছে। যানজটের কারণে চারশ’র বেশি মানুষ সময়মত বিমানবন্দরে পৌঁছাতে না পারায় ‘ফ্লাইট মিস’ করে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।