আইওয়ায় ট্রাম্পকে হারালেন ক্রুজ
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান দলীয় প্রার্থী মনোনয়নের প্রথম ভোটাভুটিতে টেক্সাসের সিনেটর টেড ক্রুজ জয়ী হয়েছেন।
বেফাঁস মন্তব্য করে আলোচনায় আসা রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ধনকুবের ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন বলে মনে করা হলেও ভোটাভুটিতে তিনি দ্বিতীয় স্থান পেয়েছেন।
আর তৃতীয় অবস্থানে রয়েছেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও।
২৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হওয়ার পর টেড ক্রুজ বলেন, “আজ রাতের জয় নির্ভীক রক্ষণশীলদের।”
প্রথম ভোটাভুটিতে জয়ী হওয়ায় টেড ক্রুজকে অভিনন্দন জানান ট্রাম্প। ২৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে থাকায় ‘সম্মানিত’ বোধ করছেন বলেও ঘোষণা দেন তিনি।
বেফাঁস মন্তব্য করে আলোচনায় আসা রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
বিবিসি বলছে, আগামী কয়েক মাস বাকি ৪৯টি অঙ্গরাজ্যে পর্যায়ক্রমে এই ভোটাভুটি চলবে। এর মধ্যদিয়েই দুই দল তাদের প্রার্থী চূড়ান্ত করবে।
অপর দিকে আইওয়ায় ডেমক্রেটদের ভোটাভুটির ফলাফল এখনো আসেনি। তবে ৯৫ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে, বার্নি স্যান্ডার্স থেকে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন সাবেক ফাস্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ।
চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে। তার আগেই জুলাইয়ে ডেমক্রেট ও রিপাবলিকান উভয় দলই জাতীয় কনভেনশনের মাধ্যমে দলের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করবে।
২০১৭ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র পাবে নয়া প্রেসিডেন্ট।
