২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন: ২০ জঙ্গির শিরশ্ছেদ আইএসের

ইরাকে মসুলের যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করায় ইসলামিক স্টেট (আইএস) প্রকাশ্যে তাদের ২০ জনের বেশি যোদ্ধার শিরশ্ছেদ করেছে বলে খবর প্রকাশ পেয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 10:35 PM

Updated : 12 Apr 2022, 01:20 AM

সিরিয়া ভিত্তিক সংবাদ সংস্থা ‘এআরএ নিউজ’ এর প্রতিবেদন উল্লেখ করে পিটিআই জানিয়েছে, মসুল শহরে সংঘর্ষের মধ্যে আইএস’র ওই যোদ্ধারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। পরে তাদেরকে প্রকাশ্যেই হত্যা করা হয়।

আইএস এর এক কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় এক সূত্র জানায়, “শুক্রবার সন্ধ্যায় ওই যোদ্ধাদের মসুল সংলগ্ন একটি চেকপোস্টে আটক করা হয়। তারা পশ্চিম মসুলের যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছে এটা বোঝার পর আইএস  এর শরিয়া আদালতে বিচারের রায়ে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।”

মসুলের কেন্দ্রস্থলে কয়েকশ’ মানুষের সামনে এই যোদ্ধাদের শিরশ্ছেদ করা হয়। প্রতিবেদনে বলা হয়, “শিরশ্ছেদের এ ঘটনা আইএস’র সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।”

বিনা অনুমতিতে যুদ্ধক্ষেত্র ত্যাগ করা যোদ্ধাদের আইএস বিশ্বাসঘাতক ও খেলাফতের শত্রু বলে বিবেচনা করে।

এর আগেও আইএস নিজ যোদ্ধাদের হত্যা করেছে। ইরাকি বাহিনীর কাছে মসুলের নিয়ন্ত্রণ হারানোর পরও একবার এ ধরনের খবর প্রকাশ পেয়েছিল।

সেবার আইএস যুদ্ধক্ষেত্র ত্যাগ করা যোদ্ধাদের জনসম্মুখে পুড়িয়ে হত্যা করেছিল বলে খবর প্রকাশ পায়।

মসুলের বেশ কয়েকজন বাসিন্দার দাবি, ডিসেম্বরে জঙ্গি দলটি ১০ জন যোদ্ধার শিরশ্ছেদ করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা দলের অনুমতি না নিয়ে যুদ্ধক্ষেত্র ত্যাগ করেছে।

আর নভেম্বরে ইরাকের উত্তরের জেলা সিনজারে কুর্দি পেশমের্গা বাহিনীর সঙ্গে যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার অপরাধে আইএস তাদের ৭৩জন যোদ্ধাকে হত্যা করে বলে জানায় এআরএ নিউজ।