আইওয়া ভোট: অগ্নিপরীক্ষার মুখে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীরা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আইওয়ায় প্রথম ভোটের মধ্য দিয়ে চূড়ান্ত দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরুর অন্তিম মুহূর্তে অগ্নিপরীক্ষার মুখে রয়েছেন অংশগ্রহণকারী প্রার্থীরা।
সোমবার দিনের শেষ ভাগেই শুরু হচ্ছে আইওয়া ককাসের ভোটাভুটি। ফলে সব প্রার্থীরই মনোযোগ এখন আইওয়ার দিকে।
আইওয়ার পর একই কায়দায় ধারাবাহিকভাবে অন্য রাজ্যগুলোতেও ককাস, প্রাইমারি নির্বাচন ও ভোটগ্রহণ চলতে থাকবে। ফলে সব ডেমোক্র্যাট ও রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীর অগ্নিপরীক্ষা শুরু আইওয়া নির্বাচনের মধ্য দিয়েই।
তাই শেষ প্রচারণায় গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা। শেষ প্রচারণা ভালয় ভালয় কাটলেই পরবর্তী সময়টা কেমন যাবে তা অনেকটাই আন্দাজ করতে পারবেন তারা।
মতামত জরিপগুলোতে দেখা যাচ্ছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিকটতম প্রতিদ্বন্দ্বী টেক্সাস সিনেটর টেড ক্রুজের চেয়ে সামান্য এগিয়ে আছেন। বাকি প্রার্থীরা তাদের দুজনের চেয়ে বেশ খানিকটা পেছনে পড়ে আছেন।
অন্যদিকে, ডেমোক্র্যাট দলে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের সঙ্গে ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই পার্টি থেকে মনোনীতরাই এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
কৌশলগত দিক দিয়ে আইওয়ার ককাসের ভোট গুরুত্বপূর্ণ বলে মত বিশ্লেষকদের। কারণ, এভোটের ফল অন্যান্য রাজ্যগুলোর ভোটারদের প্রভাবিত করতে পারে।
সর্বশেষ জর্জ ডব্লিউ বুশ আইওয়ায় জয়লাভের পর রিপাবলিকান দলের মনোনয়ন পেয়েছিলেন।
এবার আইওয়ায় আবহাওয়া সব কিছুকে ছাপিয়ে খবরের শিরোনাম হয়ে উঠতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার রাতে তুষার ঝড় হতে পারে।
প্রার্থীরাও ঝড়ের কারণে ভোটার উপস্থিতি নিয়ে দুঃশ্চিন্তায় আছেন। ট্রাম্প নিজের সমর্থকদের সঙ্গে মজা করে বলেছেন, “আপনারা আইওয়ার বাসিন্দা! আপনারা কি বরফকে ভয় পান?”
সোমবার স্থানীয় সময় ১৯:০০ মিনিটে (জিএমটি মঙ্গলবার ০১:০০ মিনিট)ভোট গ্রহণ শুরু হবে।
