ইউরোপে নিখোঁজ ১০ সহস্রাধিক শরণার্থী শিশু
ইউরোপে পৌঁছানোর পর ১০ হাজারের বেশি অভিভাবকহীন শরণার্থী শিশু নিখোঁজ হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গোয়েন্দা পুলিশ সংস্থা ইউরোপোল।
এদের অনেকেই সংঘবদ্ধ পাচারকারীদের কবলে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি’র খবরে বলা হয়েছে, ইউরোপোল জানিয়েছে, হাজার হাজার শিশু ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থীর তালিকাভুক্ত হওয়ার পর তাদের আর হদিস মিলছে না।
সেভ দ্য চিলড্রেন গত বছর কোনও পরিবার ছাড়া ২৬ হাজার শিশুর ইউরোপে পৌঁছার কথা জানায়। আর এখন ইউরোপোল এই প্রথম ইউরোপজুড়ে নিখোঁজ শিশুর আনুমানিক হিসাব দিল।
ইতালি গতবছর মে মাসে আশ্রয়শিবির থেকে ৫ হাজার শিশু উধাও হয়ে যাওয়ার কথা জানায়। অক্টোবরে সুইডেনও ১ হাজার শরণার্থী শিশুর খোঁজ নেই বলে জানিয়েছে।
সামগ্রিকভাবে নিখোঁজ শিশুদের হিসাব দিয়ে ইউরোপোলের মুখপাত্র বলেছেন, গ্রিসে পৌঁছানোর পর শিশুদের বেশিরভাগই উধাও হয়ে গেছে বলে ধারণা করছেন তারা। কারণ, ইউরোপে আসা শরণার্থীদের বেশিরভাগই প্রথম প্রবেশ করেছে গ্রিসেই।
ইউরোপে মানবপাচারে জড়িত অপরাধী চক্রগুলো এখন শরণার্থীদেরকে টার্গেট করছে বলে জানিয়েছে ইউরোপোল।
সংস্থাটির চিফ অব স্টাফ অবজারভার পত্রিকায় বলেছেন, “এটি অযৌক্তিক নয় যে, আমরা ১০ হাজারেরও বেশি শিশুকে খুঁজছি। তাদের সবাই যে অপরাধচক্রের হাতে পড়েছে তা নয়। বেশ কিছুসংখ্যককে হয়ত তাদের পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আমরা শুধু জানি না তারা কোথায় আছে, কী করছে আর কাদের সঙ্গে আছে।”
